দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের মূল লক্ষ্য : মো. ফখরুল ইসলাম
৯ অক্টোবর ২০২৫ ১৪:২৩
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য। ৩৬ জুলাই বিপ্লবের পর জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, এখন আর নেতিবাচক প্রচারণা করে জামায়াত থেকে মানুষকে সরানো যাবে না, বরং নেতিবাচক প্রচারে আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
গত শুক্রবার (৩ অক্টোবর) কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের পৃথক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরো বলেন, জামায়াত ক্ষমতায় এলে সকলকে নিয়ে সমতার ভিত্তিতে ক্ষমতা পরিচালিত করবে। জামায়াত ক্ষমতায় আসবে তার বাস্তব প্রমাণ ডাকসু ও জাকসু নির্বাচন। এই বিষয়টি বুজতে পেরেই অনেকে হতাশ হয়ে জুলাই সনদ ও সংস্কারে বাধাগ্রস্ত করছেন। এরা কারা তা জাতির কাছে স্পষ্ট।
তিনি জোর দিয়ে বলেন, মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রব বিজয়ী হলে দক্ষ একজন আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে মানুষের অধিকার নিশ্চিত ও এলাকার উন্নয়নে কাজ করবেন।
কমলগঞ্জ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটরি এডভোকেট মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী, সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামীর আলী প্রমুখ।
এদিকে শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার বাদ জুমা স্থানীয় কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন। তিনি নির্বাচনী দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ‘সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।’