সবুজ বনের ছোট্ট বন্ধু
২ অক্টোবর ২০২৫ ১৩:১৮
॥ আব্দুস সাত্তার সুমন ॥
সুবহা ছিল ছোট্ট বালিকা, চোখে ছিল স্বপ্নের আলো।
একদিন দুপুরে সে পুকুরপাড়ের সবুজ বাগানে বসেছিল। হঠাৎ বাতাসে দোল খেল গাছের ডাল, আর পাতারা ফিসফিস করে উঠল।
‘সুবহা, তুমি কি আমাদের কথা শুনতে পাও?’
সুবহা অবাক! কিন্তু ঠিক তখনই একটি রঙিন পাখি এসে তার কাঁধে বসে বলল,
‘ভয় পেও না, আমি বনের দূত। গাছেরা তোমাকে বন্ধু বানাতে চায়।’
পাখির ডাক শুনে গাছের ডাল থেকে ঝরে পড়ল সবুজ পাতা। মনে হলো পুরো বন জেগে উঠল। ফুলগুলো একসাথে মিষ্টি গন্ধ ছড়াল, পাখিরা মধুর সুরে গান ধরল। সুবহা বুঝল, সে যেন কোনো জাদুর দেশে চলে এসেছে।
পাখিটি তাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। সেখানে সে দেখল,
গাছেরা বাতাসে গান গাইছে, নদীর পানি টলমল করে সুর তুলছে, আর রঙিন প্রজাপতিরা নাচছে।
সবুজ বন বলল,
‘সুবহা, আমরা গাছেরা পৃথিবীকে ঠাণ্ডা রাখি, অক্সিজেন দিই, কার্বন ডাই অক্সাইড শুষে নিই, গাছের বুকে পাখিরা গান গায়, ঘর বানায়, গাছের ফলমূল, প্রকৃতি ও মানুষের আহার জোগায়। যদি মানুষ আমাদের ভালোবাসে, আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলব।’
সুবহার ছোট্ট হৃদয় কেঁপে উঠল আনন্দে। সে প্রতিজ্ঞা করল,
‘আমি প্রতিদিন একটি গাছ লাগাবো, তোমাদের গান শুনবো, আর পৃথিবীকে রক্ষা করবো।’
গাছেরা একসাথে ফিসফিস করে উঠল,
‘তুমি আমাদের সত্যিকারের সবুজ বনের ছোট্ট বন্ধু।’
সেদিন থেকে সুবহা আর পাখিরা ছিল অবিচ্ছেদ্য সাথী। আর বন যেন প্রতিদিন তার জন্য নতুন রোমাঞ্চের দরজা খুলে দিত।
শিক্ষণীয় বার্তা: প্রকৃতি শুধু দৃশ্য নয়, এক জীবন্ত বন্ধু। আমরা যদি তাকে ভালোবাসি, সে আমাদের জাদুর মতো রঙিন জীবন উপহার দেবে।