মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে-এডভোকেট জুবায়ের


২ অক্টোবর ২০২৫ ১৩:০৩

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এ পদ্ধতির বিরোধিতা করছে।
জামায়াতের এ নেতা জোর দিয়ে বলেন, ‘জুলাই সনদের ভিত্তি মজবুত করতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।’
এডভোকেট জুবায়ের আরো বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা রয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো দুষ্কৃতকারী যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট মো. আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির প্রমুখ।
সমাবেশ শেষে চৌমোহনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।