গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
২ অক্টোবর ২০২৫ ১৩:০১
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতের আমীর। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে জেলা জামায়াত নেতারা মতবিনিময় করেন।
প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আব্দুল করিম সরকার এবং সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। মতবিনিময়ের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শহর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ুন ফারহান সাদিক। মতবিনিময় সভা সঞ্চালনা করেন মাওলানা জোবায়ের আলী।
মতবিনিময় সভায় জামায়াতের জেলা আমীর বলেন, বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যেখানে কোনো শোষণ, বৈষম্য ও জুলুম থাকবে না। মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। এ দাবিতে জামায়াতে ইসলামী দেশব্যাপী আন্দোলন করছে।
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের পাঁচ দফা দাবি হলো- ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত, ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।