ডাকসু নির্বাচনের ফলাফলে প্রমাণ হলো নিপীড়ন চালিয়ে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না -মাওলানা আবদুল হালিম


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬

রংপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল দেশের মানুষের জন্য একটি ইতবাচক পরিবর্তনের মেসেজ দিয়েছে। এর মাধ্যমে সচেতন মেধাবী ছাত্রসমাজ বুঝিয়ে দিয়েছে আর সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, জুলুম নিপীড়ন চালিয়ে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না। মেধাবী সাধারণ শিক্ষার্থীরা এখানে নতুন বাংলাদেশ গড়ার ম্যান্ডেট দিয়েছে। এর মাধ্যমে আগামীতে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, জুলুম-নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং বাংলাদেশ গড়ার রাজনীতির যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশের ছাত্র, যুবক, আপামর মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চায়। এই শিক্ষা থেকে আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে না। কারণ এই পিআর পদ্ধতির সুফল হচ্ছে এর ফলে দেশে কোনো স্বৈরাচারের জন্ম হবে না, কোনো দল মনোনয়ন বাণিজ্য করতে পারবে না এবং ভোটকেন্দ্র দখলবাজি হবে না। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে তার আগে শহীদ অবু সাঈদের হত্যাসহ সকল হত্যা সন্ত্রাসের বিচার এবং সংস্কার করতে হবে।
তিনি গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-৩ সদর নির্বাচনী এলাকার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং রংপুর-৩ সদর নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রাথী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, নির্বাচনী কমিটির আহ্বায়ক মুহাম্মদ আব্দুর রশিদ, রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী শাখার সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।
তিনি বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতনের বিনিময়ে এদেশের মানুষ এখন ইসলামমুখী হয়েছে। আগামীতে সকল ইসলামী শক্তির ভোট ঐক্যবদ্ধভাবে একই বাক্সে পড়বে, ইনশাআল্লাহ। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্তিক দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তবে সমমনা দলগুলোর সাথে দেশের র্স্বাথে সমঝোতার ভিত্তিতে সর্বোচ্চ ছাড়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদ আর কখনো এদেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে না। পলাতক পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর নমিনি ঘোষণা
পীরগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনের জন্য উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এক রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম এ প্রার্থিতা ঘোষণা করেন।
এছাড়া উপজেলা পরিষদের আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমীর এ কে এম ইদ্রিস আলীকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং রংপুর-৬ পীরগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমীন উপস্থিত ছিলেন।