জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এক মাসের মধ্যে মাদকমুক্ত দেশ গঠন করবে : ড. আবুল কালাম আজাদ বাশার


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে দেশ থেকে মাদকমুক্ত করা হবে, মাদকের সব চালান পথ বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজ, চুরি, ছিনতাই, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী রাষ্ট্র কায়েমের কোনো বিকল্প নেই। বিগত স্বৈরাচার সরকার ইসলামপন্থীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।’ তিনি রাসূলের আদর্শিক রাষ্ট্র গঠনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান।
ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরীর সভাপতিত্বে এবং মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, ফেকামারা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, কল্যাণমুখী সমাজ, রাষ্ট্র গঠনে নির্বাচিত এলাকার উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় অন্য বক্তারা ইসলামের আদর্শ ও ইসলামী রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারের ওপর ইসলামপন্থীদের ওপর নির্যাতনের বিষয়ে আলোচনা করেন এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। সভাটি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীরা ইসলামের আদর্শের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।