ভারত থেকে আসা কাঁচামরিচের ট্রাকে এয়ার পিস্তল ও গুলি
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮
বেনাপোল সংবাদদাতা: বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিস এয়ারগুলোসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত রোববার (৭ সেপ্টেম্বর) ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভারতীয় নাগরিক গাড়িচালক জাসপাল সালুজা ছেলে গুরজীত সালুজা (৩১) এবং হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)। উভয়েই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক ঈএ ০৪চট ৫২৮৮ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা। জানা যায়, আটক ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা। এর সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ওই পণ্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তল সহ কিছু গুলি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।