রাজধানী দোহার আবাসিক এলাকায় ইসরাইলি হামলা
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫০
আল-জাজিরা : এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালালো ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ করে হামলা চালিয়েছে। তবে হামাস সূত্র জানিয়েছে, হামলায় তাদের কোনো সদস্য নিহত হয়নি। হামলার সময় হামাসের কর্মকর্তারা মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরাইলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ করে হামলা চালানো হয়েছে। কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’। তিনি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দোহা দূতাবাস হামলার খবর পাওয়ার পর তাদের কর্মীদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ দিয়েছে। এছাড়া কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। হোয়াইট হাউস এ মুহূর্তে হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। আল-জাজিরার সংবাদদাতা সুহাইব আল-আসা জানিয়েছেন, দোহায় ইসরাইল যে স্থানটিকে লক্ষ্যবস্তু করেছে তা একটি আবাসিক এলাকায়, কোনো বিচ্ছিন্ন এলাকা নয়।