সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো – শিবির সভাপতি

সোনার বাংলা ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০

সোনার বাংলা রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপিসহ শীর্ষ পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে বিজয় মিছিল না করতে সারা দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ওই পোস্টে শিবির সভাপতি জাহিদুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদাহর মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় মহান আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।’ তিনি আরও লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’
এছাড়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ১০ সেপ্টেম্বর বুধবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। এ নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তায়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার তাওফিক দান করুন। আমীন।”
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এ ঐতিহাসিক বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের পক্ষ থেকে দিনব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো: ১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শববেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন।
২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ। “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। রাব্বে কারিম, আমাদের সকল তৎপরতা আপনার দীনের জন্য কবুল করুন। ” আমীন।