নওগাঁ-৪ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে


৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩

মান্দা (নওগাঁ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও মোড়ে মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নেতৃত্বে বিশাল শোডাউন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগে শতাধিক মোটরসাইকেলের শোডাউন প্রদর্শন করা হয়, যা এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। স্থানীয়দের মতে, এটি সম্প্রতি অনুষ্ঠিত সবচেয়ে বড় রাজনৈতিক শোডাউনগুলোর একটি। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমীর ও মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব। তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মোস্তফা আল আমীন।
গণসংযোগ চলাকালে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন বাজার, মোড়ে ও জনবহুল এলাকায় বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রার্থীরা দলের আদর্শ, লক্ষ্য, নির্বাচনী নানা অঙ্গীকার এবং প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, ‘গত ৫৪ বছরে দেশের মানুষ নানান প্রতিক আর প্রতিশ্রুতি দেখেছে। এবার সময় এসেছে দাঁড়িপাল্লার বাংলাদেশ গড়ার। আমরা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই। ইসলাম ও ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে তা যেন ন্যায়বিচার ও সুশাসনের সাথে সমন্বিত হয়। ক্ষমতায় গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখবে জামায়াত।’
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমীন বলেন, ‘মান্দাবাসীর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণই আমাদের শক্তির উৎস। ইসলাম, ইনসাফ ও আমানতের ভিত্তিতে আমরা একটি আদর্শ স্থানীয় সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব জামায়াতের যুব বিভাগের সভাপতি আবদুল মালেক, জামায়াত মনোনীত কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আমজাদ হোসেন, ইউনিয়ন আমীর সাইফুদ্দিনসহ স্থানীয় জামায়াত ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় ছিল দলীয় স্লোগান, দোয়া এবং জনসাধারণের উদ্দেশে নানা সামাজিক বার্তা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ শোডাউনের মাধ্যমে জামায়াত নির্বাচনী মাঠে নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দিয়েছে। পাশাপাশি জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে ও দলের বার্তা পৌঁছে দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা মনে করছেন।