কাজী নজরুল ইসলামের জীবনের মজার ঘটনা
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭
সোনার বাংলা ডেস্ক : নজরুলের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল কিছু হিউমার ছিল। তিনি Aristocrate-এর বাংলা করেছিলেন, ‘আড়ষ্টকাক!’ যারা বক্তৃতা দিতে ভালোবাসতেন তাদের বলতেন, ‘বখতিয়ার খিলজী’, কোনো কথার মোড় ঘুরিয়ে দিতে তিনি বলতেন, ‘জানে দেও কন্ডাক্টর’। কবি নজরুল ভঁহ এবং পান-এ সমান অভ্যস্ত ছিলেন। তার একটি বিখ্যাত পানপাত্র ছিল (যেটাকে তিনি নিজেই ‘পানের সিন্দুক’ আখ্যা দিয়েছিলেন)। এই পানপাত্রে একশত পান থাকত। লিখতে লিখতে মাঝে মাঝে একসাথে তিন-চারটা পান মুখে পুরতেন আর পিকদানিতে পানের পিক ফেলতেন। এই পান নিয়ে একটা মজার ঘটনা আছে। একবার এক ভদ্রমহিলা নজরুলের পান খাওয়া দেখে তাকে খুব স্মার্টলি জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা আপনি কি পানাসক্ত?’ নজরুল বললেন, ‘জ্বি না, আমি বেশ্যাসক্ত!’ নজরুলের এমন উত্তর শুনে ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল। পরে নজরুল ব্যাখ্যা করলেন, ‘পান একটু বেশি খাই তাই বেশ্যাসক্ত, অর্থাৎ বেশি+আসক্ত=বেশ্যাসক্ত!’
# নজরুল একবার মফস্বলের কোনো এক গ্রাম ঘুরে এসে সওগাত পত্রিকার মজলিসে বসে জোরে হাসতে হাসতে বলে উঠলেন, ‘আল্লারে, বিল্লা এক্করে হাল্ দিয়া উৎকা মাইরা বাইরে পইড়্যা গেছে। আমি জমাইছি মেকুরডা চাইয়া দেহি বিল্লিডা।’ ঘরশুদ্ধ লোক হেসে অস্থির। পরে জানা গেল গ্রামে গিয়ে তিনি যে বাড়িতে ছিলেন সেখানে নাকি রাতে এক কাণ্ড ঘটেছিল। জানালা দিয়ে একটি বিড়াল অন্য একটি বিড়ালকে তাড়া করে লাফ দিয়ে বাইরে গিয়ে পড়েছিল। কী হলো ভেবে বাড়ির একটা লোক গ্রাম্য ভাষায় এ কথাগুলো বলছিল। আর নজরুল তার হুবহ বয়ান করলেন।
# বার্ষিক সওগাত বেরোবে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। হঠাৎ মজলিসে নজরুল বলে বসলেন, ‘দশ মাস মাসিক বেরিয়ে এখন বার্ষিক বেরোচ্ছে!’
# নজরুলের গান রচনার আর রেকর্ডের আঁতুড়ঘর ছিল কলকাতার বিষ্ণু ভবন। সেখানে রিহার্সেল রুমে চা সাপ্লাই করতেন সুধীর নামে এক ব্যক্তি। তার প্রতি হুকুম ছিল প্রতি আধ ঘণ্টা পরপর কবির সামনে ‘হাফ কাপ চা’ রেখে যেতে। এই চায়ের রূপ দুধের স্বল্পতার কারণে কালচে-লাল রং ছিল, তাই কবি এর নাম দিয়েছিলেন ‘সুধীর বাবুর বদরক্ত!’
# একজন অবাঙালি ভদ্রলোক কবির খুব ভক্ত ছিলেন। কবিকে তিনি অনেক সময় অনেকভাবে সাহায্য করতেন। কোনো একদিন কলকাতায় কবির বাড়িতে কয়েকজন অভ্যাগতর সঙ্গে কবি গল্পগুজব করছেন। সেই অবাঙালি ভদ্রলোকও ছিলেন। একসময় তার সঙ্গে কবির হিন্দি বনাম বাংলা নিয়ে তুলনামূলক আলোচনা হচ্ছিল। ভদ্রলোকটি হিন্দি ভাষার জন্য ওকালতি করছিলেন। কবি হাসতে হাসতে বললেন, ‘যাও! যাও! তোমাদের হিন্দি ভাষা তো কুকুর বেড়ালের ভাষা!’ শুনে ভদ্রলোকটি একটু মনঃক্ষুণ্ন হয়ে বলে উঠলেন, ‘কেঁও?’ অমনি কবি বলে উঠলেন, ‘ওই দেখ কুকুরের ডাক ডাকলে!’ ভদ্রলোকটি কবির কথায় রাগ না করে হেসে বললেন, ‘হুয়া হুয়া!’ কবি বললেন, ‘ওই দেখ শিয়ালের ডাক ডাকলে, আমি ঠিক বলিনি?’ উপস্থিত সকলেই এ রসালাপে হাসতে হাসতে লুটিয়ে পড়লেন।
ব্যঙ্গতা
লোকের নাম নিয়েও ব্যঙ্গ করতেন নজরুল। তখনকার নূর লাইব্রেরির মঈনুদ্দীন হোসেনকে তিনি বলতেন, ‘রয়টার’। কারণ হোসেন সাহেব যেকোনো খবর সবার আগে কলকাতার সব পত্রিকা অফিসে দিয়ে আসতেন। নজরুলের বন্ধু ‘মোসলেম ভারত’-এর আফজাল-উল-হককে তিনি ডাকতেন ‘ডাবজল’ বলে। ‘শনিবারের চিঠি’র সজনীকান্ত দাসকে তিনি বলতেন, ‘সজনেঘণ্ট খাস’। মোহাম্মদী ও সওগাতের দ্বন্দ্ব যখন চরমে, নজরুলকে মোহাম্মদী যখন ‘আজাজিল’ আখ্যা দেয়, তখন নজরুল আকরম খাঁর নাম দিয়েছিলেন ‘বাগরম খাঁ’। মোহম্মদ ওয়াজেদ আলীকে তিনি ডাকতেন ‘বুড়ো’ বলে। কারণ তিনি যুবক হয়েও বুড়োদের মতো যুক্তিতর্ক ছাড়া কথা বলতেন না। বিজলী ধর নামে কবির এক ভক্ত অটোগ্রাফ নিতে এলে তিনি লিখে দিলেন ‘বি-জলি’। মানে Be jolly, অর্থাৎ হাসি-খুশির মধ্যে থাকো!