জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ড. হামিদুর রহমান আযাদ
২৯ আগস্ট ২০২৫ ১৪:০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জামায়াত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি ভোটারদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ২৪ আগস্ট রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী পৌরসভার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহেশখালী পৌরসভা জামায়াতের সভাপতি কাউন্সিলর মোতাহের হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, মহেশখালী উপজেলা জামায়াত দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কুতুবউদ্দিন ব্যবসায়ী ও জামায়াত নেতা আলমগীর, আব্দুল খালেক, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টি বাবু পরিমল শীল, রাজিব দে।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে পিআর পদ্ধতির বিকল্প কিছুই হতে পারে না। পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। তিনি বলেন, যারা সংবিধানের দোহাই দিয়ে পিআর পদ্ধতির বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরের বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করুন। আপনারা কীভাবে চেয়ারে বসেছেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের সামনে জামায়াতে ইসলামীর আদর্শ ও পরিকল্পনা তুলে ধরতে হবে এবং ভোটারের মনোবল বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, শুধু প্রচার নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনকেই অগ্রাধিকার দিতে হবে।
ড. আযাদ বলেন, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শের নাম, ন্যায়, ইনসাফ ও মানবাধিকারের পক্ষে সংগ্রামী শক্তি। তিনি আরো বলেন, ভোট শুধু সংগঠন নয়, আন্দোলনের অংশও। মাঠপর্যায়ে শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষকে সুসংগঠিত করে জামায়াতে ইসলামীর গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান তিনি।
হামিদ আযাদ বলেন, ‘দায়িত্বশীলদের প্রস্তুতি যত দৃঢ় হবে, বিজয়ের পথ তত সুগম হবে। এখন থেকে প্রতিটি কর্মীর ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, কোনো দখলবাজ-চাঁদাবাজ যেন নেতৃত্বে স্থান না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, ফেয়ার ইলেকশনের বদলে যদি আবারও ফেয়ার সিলেকশন চাপিয়ে দেওয়া হয় এবং প্রশাসন সহযোগিতা করে, তবে আগস্টের মতো আরেকটি আন্দোলন-সংঘাত অনিবার্য হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন হামিদুর রহমান আযাদ। পরে কুতুবজোমের মরহুম আমির আলী হিফজখানা ও এতিমখানা পরিদর্শন করে মরহুম আব্দুল বারেকের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।