দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
২৯ আগস্ট ২০২৫ ১৩:৫৮
সোনার বাংলা ডেস্ক : দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন গত শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও পটাশিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাডপ্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন ।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান। আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠালগ্ন (২০০৪ সাল) থেকেই এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন মহলের শোক
আলমগীর মহিউদ্দনের ইন্তেকালে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক, কবি, সাহিত্যিকরা শোক প্রকাশ করেছেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিআরজেএ) চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সাপ্তাহিক সোনার বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. তাসনীম আলম, বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী, প্রচার সম্পাদক হারুন ইবনে শাহাদাত, কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডলসহ বিশিষ্টজনরা।