প্রবাসীদের জন্য অনলাইন মোবাইল অ্যাপস এর মাধ্যমে জাতীয় সংসদে ভোটের আয়োজন করুন
২৩ আগস্ট ২০২৫ ২২:৪৩
প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা কর্তৃক “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আমির হোসেন মজুমদার, কুয়েত থেকে।
গত ২১শে আগস্ট ২০২৫ কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা কর্তৃক “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি জনাব মোঃ বিলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নূর হোসেনের যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু নাসের মহিউদ্দিন মোল্লা।
“জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েত এর সভাপতি আ ক ম আজাদ। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সাবেক সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদুজ্জামান ইকবাল, পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ।
আলোচনা সভায় প্রবাসীদের মধ্যে সম্প্রীতি অধিকার ও সমৃদ্ধি বজায় রেখে প্রবাসীদের মাঝে “এসো এক হই অধিকারের কথা কই” স্লোগান নিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন আ হ জুবেদ, মোঃ আমির হোসেন মজুমদার, আবু তারেক প্রমুখ।
প্রবাসীদের অধিকার, প্রবাসী অধিকার পরিষদের অঙ্গীকার নিয়ে প্রবাসীদের কল্যাণমুখী সংগঠনটি কুয়েতে কাজ করে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন নিয়ে নেতৃবৃন্দ প্রবল আশাবাদী। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহজ পদ্ধতিতে নিবন্ধন করার আহ্বান জানান এবং অন্তর্বর্তী কালীন সরকারের কাছে বিশ্বের দেড় কোটি প্রবাসীদের পক্ষ থেকে কুয়েত প্রবাসীরা অনলাইন মোবাইল অ্যাপস এ প্রবাসীদের ভোট গ্রহণের জোর দাবি তোলেন। কারণ প্রবাসীরা মনে করেন প্রবাসী বাংলাদেশীদের নির্বাচনে ভোটদানের বিষয়টি দীর্ঘ প্রত্যাশিত হলেও আজ পর্যন্ত প্রবাসীদেরকে ভোটের আওতায় আনা সম্ভব হয়নি। বর্তমানে একমাত্র পদ্ধতি তথা পোস্টাল ব্যালট ভোটিং অকার্যকর প্রমাণিত হয়েছে। কারণ প্রাপ্ত সময়ের মধ্যে এই পদ্ধতিতে ভোটগ্রহণ প্রায় অসম্ভব। ফলে আজ পর্যন্ত প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কোন নজির খুজে পাওয়া যায়নি।
কুয়েত প্রবাসীদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ও নৈশ ভোজের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার আলোচনা সভা সমাপ্ত হয়।