কেশবপুর পৌরসভার ৪ হাজার পরিবার পানিবন্দি


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৭

কেশবপুর (যশোর) সংবাদদাতা : অতি বৃষ্টির কারণে নদীর উপচে পড়া পানিতে কেশবপুর পৌরসভার সাত হাজার পরিবারের প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বদ্ধ পানি বাড়িঘরে মধ্যে ঢুকে পড়ায় বাধ্য হয়ে ব্যস্ত সড়কের পাশে টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছে অসংখ্য গরিব পরিবার। আর এর প্রভাবে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। প্রতিদিন বৃষ্টির কারণে পানিবদ্ধতার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় আরও পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কেশবপুর পৌরশহরের প্রধান প্রধান বাণিজ্যিক এলাকা দীর্ঘদিন পনিতে তলিয়ে থাকায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। কেশবপুর পৌরসভা প্রতিবছর ৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করে থাকেন। কেশবপুরের মানবিক বিপর্যয় এড়াতে কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে সৃষ্ট পানিবদ্ধতা নিরসনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানসহ রাজনৈতিক দলের সাথে সম্প্রতি মতবিনিময় সভা করেছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। উক্ত মতবিনিময়ে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, হরি-ঘ্যাংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি পাউবোর সাবেক সদস্য বিএনপি নেতা মহির উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি জাকির হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলসহ উপজেলার পানিবদ্ধ এলাকার সুধীজন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এস ডি ই সুমন শিকদার।
সভায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য গৌরিঘোনার কাশিমপুর থেকে মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা অভিমুখে সরেজমিন পরিদর্শন শেষে পানি নিষ্কাশনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।