ফ্যাসিস্ট আমলে উপকূলীয় এলাকায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে : ড. হামিদুর রহমান আযাদ
১৪ আগস্ট ২০২৫ ১৪:৫০
গত ১০ আগস্ট রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ, কুতুবদিয়া আয়োজিত ‘অস্তিত্বের সংকটে কুতুবদিয়া দ্বীপ : রাষ্ট্রের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ – সোনার বাংলা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও উপকূলীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা যারা কুতুবদিয়া উপকূলের মানুষ, আমরা জানি আমাদের জীবন কতটা সংগ্রামের মধ্য দিয়ে কাটে। দেশ স্থিতিশীল না থাকলে আমাদের উপকূলীয় এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধান সম্ভব নয়। কুতুবদিয়া দ্বীপের অস্তিত্ব, জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও প্রকৃতি হুমকির মুখে; ফ্যাসিস্ট আমলে উপকূলীয় এলাকার উন্নয়নের নামে লুটপাট হয়েছে। কুতুবদিয়ার বেড়িবাঁধ নির্মাণ দরকার। কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়নের অবস্থা খারাপ। বাঁধ নির্মাণে যদি দুর্নীতি হয়, তবে আপনি-আমি প্রতিবাদ করবো। একটা উন্নয়নকাজের সুফল সবাই ভোগ করে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কুতুবদিয়াকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে আমাদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
গত ১০ আগস্ট রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অস্তিত্বের সংকটে কুতুবদিয়া দ্বীপ ও রাষ্ট্রের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সম্মিলিত নাগরিক সমাজের নেতা আকবর খানের পরিচালনায় গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জয়নাল আবেদীন, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, সাবেক যুগ্ম সচিব মনজুরুল আনোয়ার, প্রকৌশলী মনজুর সাদিক, প্রকৌশলী কায়ছার হামিদ, সিনিয়র আইনজীবী এডভোকেট আলমগীর কবির, ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ, কুতুবদিয়া উপজেলা জামায়াত আমীর আসম শাহরিয়ার চৌধুরী, মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, শাহজাদা আব্দুল করিম প্রমুখ। এছাড়া মহেশখালী-কুতুবদিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রাজনীতিবিদ, সমাজসেবক, বুদ্ধিজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউমারারি প্রফেসর ও সভাপতি উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন ড. মোহাম্মদ কামাল হোসাইন।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশে একটি রক্তাক্ত পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। আমাদের আশা অনেক, ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে- দেশের মানুষ এ প্রত্যাশা করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের একটা সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলে। সরকারের উপকূল নিয়ে সব পরিকল্পনায় কুতুবদিয়া ও মহেশখালী থাকতে হবে। মহেশখালী-কুতুবদিয়ায় ফেরি দিতে হবে। ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে। সোনাদিয়া প্যারা বন তৈরি করা হয়, কিন্তু আমরা নিজেরা পরিবেশ ধ্বংস করছি। নিজের অস্তিত্ব বাঁচাতে আমাদের দ্বীপের পরিবেশ রক্ষা করতে হবে। কুতুবদিয়ার মানুষ প্রকৃতি রক্ষা করতে হবে। এখানে অর্থনৈতিক জোন হতে পারে।
গোলটেবিল আলোচনায় শঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন, টেকসই বেড়িবাঁধ এবং দ্বীপের চারপাশে সবুজবেষ্টনী গড়ে তোলা না গেলে আগামী ৫০ বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠে বিলীন হবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের মূল ভূখণ্ড কুতুবদিয়া। বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অব্যাহত ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে কুতুবদিয়া দ্বীপ। শত শত পরিবার হারিয়েছে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের। এতে থেমে গেছে তাদের জীবিকার চাকা। এ সময় সরকারের জরুরি উদ্যোগ ছাড়া দ্বীপবাসীর জীবন ও জীবিকা রক্ষা সম্ভব নয় বলে উল্লেখ করেন বক্তারা। এজন্য সুরক্ষা বাঁধ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী তৈরি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। পানি উন্নয়ন বোর্ডের পিয়ন থেকে শুরু করে উচ্চপদ সব কর্মকর্তার চরিত্র, তারা বাঁধ নির্মাণ ও প্রকল্পের নামে লুটপাট ছাড়া কিছু বুঝে না। পানি উন্নয়ন বোর্ড হলো জলহস্তী। কুতুবদিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হয়ে যাচ্ছে। লবণাক্ত পানিতে ডুবে যায়।
ড. মোহাম্মদ কামাল হোসাইন বলেন, অস্তিত্ব বিলীন হওয়ার পথে কুতুবদিয়া দ্বীপ বর্ষার আগে বেড়িবাঁধ সংস্কার করতে হবে। কক্সবাজার জেলার উপকূলীয় দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালী বর্তমানে ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে।
ড. জয়নাল আবেদীন বলেন, কক্সবাজার জেলার উপকূলীয় দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালী বর্তমানে ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এসব এলাকায় বেড়িবাঁধ সংস্কার কাজ জরুরি ভিত্তিতে শুরু না হলে, জীবিকা, জনবসতি ও সরকারি মেগা প্রকল্পগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে।
রেজাউল করিম চৌধুরী বলেন, এক সময় ১২৫ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ কুতুবদিয়া বর্তমানে ভাঙনে ক্ষয় হয়ে মাত্র ৬২ বর্গকিলোমিটারে সীমাবদ্ধ হয়ে গেছে। সমুদ্রের লবণাক্ত পানি প্রতি বছর ভেঙে পড়া বেড়িবাঁধ দিয়ে প্রবেশ করে কৃষিজমি, লবণের মাঠ ও জনপদে বিশাল ক্ষতি করে চলেছে। কুতুবদিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এর চারপাশে টেকসই ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।
মনজুরুল আনোয়ার বলেন, মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাট এলাকার অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন। মাতারবাড়ী হচ্ছে বাংলাদেশের গভীর সমুদ্রবন্দরের সম্ভাব্য কেন্দ্র, যেখানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু নয়াপাড়া থেকে ধলঘাটের সাইটপাড়া পর্যন্ত প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে মেগা প্রকল্পের জমি ও স্থানীয় জনপদ ঝুঁকির মধ্যে পড়ছে। এছাড়া মহেশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব অংশে ভাঙন এমন রূপ নিয়েছে যে, বর্ষা মৌসুমে লোকালয় ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।