প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা, ঝড়ের বেগে বাড়ছে ডেঙ্গু
৩ জুলাই ২০২৫ ১১:৫৯
স্টাফ রিপোর্টার : দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যাও। একই সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে প্রাণহানিও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা রোধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও তা মেনে চলছেন না সাধারণ মানুষ। নতুন সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার নির্দেশানাও উপেক্ষা করছেন নাগরিকরা। অথচ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে ঝড়ের বেগে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন কয়েকশ’ রোগী। ৩০ জুন ডেঙ্গু আক্রান্তে চলতি বছরের সব রেকর্ড ভেঙেছে। ১ জুলাইও তিন শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
গত ১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বুলেটিনে বলা হয়, ৩০ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। সেই সঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন। একই সময় ৩২২ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪০৯ জন। চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ১ জুলাই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জুন সকাল ৮ টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪২ জনই ঢাকার বাইরের।
এদিকে ১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো করোনা প্রতিবেদনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু ২৯ হাজার ৫২১ জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (১ জুলাই) মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৮২ জন। আগের তিন গত ৩০ জুনও নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।