অনেক ঝড়-ঝাপটা মামলা-হামলার মধ্য দিয়ে দেওয়ান মতলিব কত মঞ্জিল পার হয়েছেন : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার


২৮ জুন ২০২৫ ০৮:৩৭

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় নির্দিষ্ট করা আছে, সেই সময় মৃত্যুবরণ করতে হবে। তাকিয়ে তাকিয়ে সেই সময় চলে আসবে। কখন আসবে, সেটা বলা যায় না। বলা যায় না এখনই সেই মৃত্যুর সময় চলে আসবে। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক ঝড়-ঝাপটা, মামলা হামলার মধ্য দিয়ে কত মঞ্জিল পার হয়েছেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। তার দিকে তাকিয়ে এ অঞ্চলের মানুষ ইসলামী আন্দোলনের দিকে অগ্রসর হয়েছে।
গত ১৯ জুন দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জানাযায় অংশ নিয়ে উপরোক্ত কথা বলেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইসলামী আন্দোলনের শিক্ষা মতলিব ভাইয়ের জীবনে বাস্তব প্রতিফলন। আমরা যা মানুষকে বলি নিজেদের জীবনে খুব কম প্রতিফলিত হয়। সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈর্য মানুষকে আপন করে নেওয়ার কৌশল, আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
তিনি আরও বলেন, রাসূল (সা.) হাদীসে বলেছেন, হাশরের দিনে কারা ক্ষমা পাবেন তার মধ্যে এ গুণটা মৌলিক যারা বেশি সবর করতে পারে, মানুষের সাথে সদাচারণ করতে পারে তার বিনিময়ে সে বড় আমলনামার ভাগিদার হবে। তার লেখা ‘একটু খানি মিষ্টি হাসি’ ও ইসলামী আন্দোলন’ এ বই আর দেওয়ান সিরাজুল ইসলামের জীবন এক। তিনি মানুষকে খুব আপন করতেন, আমাদের মধ্যে এতো অসাধারণ গুণ ধরে রাখা কঠিন। কিন্তু মতলিব ভাই ছিলেন ব্যতিক্রম। জানাযাপূর্ব আলোচনায় এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, জামায়াতের হবিগঞ্জ জেলা আমীর হাজী মাওলানা মোখলেসুর রহমান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট মহানগরী সেক্রেটারি মো. শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামির আলী, ঢাকা পল্টন থানা আমীর শাহীন আহমদ খান, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ ও মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরী। জানাযার নামাজে ইমামতি করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোওয়ার। গত ১৮ জুন সন্ধ্যা ৬.১০ মিনিটে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ও ৪ কন্যাসন্তানের জনক। স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। দেওয়ান মতলিব ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন। দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ইসলামী সংগঠন ও আমরা, সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কী দেখলাম, শান্তিপূর্ণ পরিবার, মৃত্যুর পর আমরা কোথায় যাব, রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন, একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন, কারাগারের স্মৃতি, কাবার পথে ইত্যাদি। এর আগে তার মৃতদেহ রাখা হয় শহরের দেওয়ান মঞ্জিলে। এসময় হাজারো মানুষ শেষ বেলায় তার মুখখানি দেখতে ভিড় করেন। পরে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।