মুরাদনগরের যাত্রাপুর দেশি গরুর খাঁটি দুধের বাজার
২৮ জুন ২০২৫ ০৮:৩৫
আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা): যেখানে চারদিকে ভেজালের ছড়াছড়ি, সেখানে কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর বাজারে এখনো পাওয়া যাচ্ছে খাঁটি দেশি গরুর দুধ। যাত্রাপুর বাজারে প্রতিদিন সকালবেলা ভিড় করেন যাত্রাপুর, রগুরামপুর, সোনারামপুর, চৈনপুর, শিংহারিয়া, মীর্জাপুর, আলগী, মোচাগড়া ও আশপাশের গ্রামের হিন্দু মুসলমান ক্রেতা ও বিক্রেতারা, দৈনন্দিন, খতনা, বিয়ে শাদীসহ বিভিন্ন অনুষ্ঠানের খাঁটি দুধের সন্ধানে।
স্থানীয়ভাবে পালিত দেশি গরুর থেকে সংগ্রহ করা এ দুধের কদর অনেক। ক্রেতারা বলছেন, ‘এই দুধে এক ধরনের ঘ্রাণ ও স্বাদ আছে যা খামারের গরুর দুধে পাওয়া যায় না।’ একজন দুধ বিক্রেতা জানান, ‘আমরা নিজেদের পালিত গরুর দুধ আনি। কোনো ধরনের পানি বা কেমিক্যাল মেশানো হয় না। তাই চাহিদাও বেশি।’ বিশেষজ্ঞদের মতে, দেশি গরুর দুধে প্রাকৃতিকভাবে বেশি পুষ্টিগুণ থাকে এবং এটি হজমও সহজ। নিয়মিত এ দুধ খেলে শিশুদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাত্রাপুর বাজারে দেশি গরুর খাঁটি দুধের এ ধারা গ্রামীণ অর্থনীতির জন্য যেমন ইতিবাচক, তেমনি মানুষের স্বাস্থ্য রক্ষায়ও বড় ভূমিকা রাখছে। এখন সময় এমন উদ্যোগকে উৎসাহিত করার জাতে শহর ও গ্রাম, উভয় জায়গায় খাঁটি পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা যায়।