ক্রমেই বাড়ছে রোগী ও প্রাণহানি
২৬ জুন ২০২৫ ১১:০১
১৯ দিনে ১৯ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার : দেশে করোনায় আক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে। দিন যাচ্ছে আর নতুন রোগী বাড়ছে। শুধু রোগী নয়, বাড়ছে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। ২০২০ সালের ১৮ মার্চ করোনায় মৃত্যুর মিছিল শুরু হওয়ার পর এক ভয়াবহ তাণ্ডব চালায় দেশজুড়ে। ওইসময় করোনায় স্তব্ধ হয়ে পড়ে গোটা বিশ্ব। থমকে দাঁড়ায় বিশ্বের অর্থনীতির চাকা। বাংলাদেশেও এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। লকডাউনে অচল হয়ে পড়ে পুরো দেশ। ধীরে ধীরে করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়ে। কমতে শুরু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসে আবারও দৃশ্যপটে আসে মহামারি করোনা ভাইরাস। প্রতিবেশী দেশ ভারত থেকে এবার ছড়াচ্ছে এ ভাইরাস। ফলে অতি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারতে না যাওয়ার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ২৩ জুন সোমবার যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৮ শতাংশ।
এদিকে ২২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় (২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দেশে দেড় বছর পর চলতি মাসের ৫ জুন করোনায় প্রথম একজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত (২৪ জুন) দেশে এ রোগে মারা গেছে ১৯ জন। সবাই এ মাসে মারা গেছেন। এদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪ জনের নমুনা। এতে মোট রোগী শনাক্ত হয়েছেন ৪৫২ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।