মানুষের মাঝে ইসলামী শ্রমনীতির বার্তা ছড়িয়ে দিতে হবে : লুৎফর রহমান
২০ মার্চ ২০২৫ ১৫:১২
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, কুরআনের অন্যতম শিক্ষা হচ্ছে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। সুশাসন কায়েম করা। মানুষকে তার অধিকার প্রদান করা। অতএব কুরআনের এ শিক্ষা সমাজের সর্বস্তরে ও রাষ্ট্রে বাস্তবায়ন করার মাধ্যমেই রমযানকে অর্থবহ করে তুলতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে শ্রমিকশ্রেণি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি; কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রাপ্য অধিকার দিই না। অথচ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করাই ইসলামের দাবি। শ্রমিকদের মাঝে ইসলামের এ সৌন্দর্য ও মাহাত্ম্য তুলে ধরতে হবে। শ্রমিক-মেহনতি মানুষের মাঝে ইসলামী শ্রমনীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাস্থ ৩৭নং ওয়ার্ডের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফেডারেশন বন্দর থানার সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রমিকনেতা আব্দুর রহিম পাঠান, মুহাম্মদ জাকারিয়া, নুরুল মোস্তফা, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি জাহেদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।