শরীফ আবদুল গোফরান-এর কবিতা

বনভোজনের চিঠি


২০ মার্চ ২০২৫ ১৪:৩২

সেদিন পেলাম হঠাৎ করে
একটি চিঠির খাম
খামের ভেতর জবর খবর
বলছি একটু থাম।

শীতের দিনে বনবাদাড়ে
ঘোরাফেরা যাবে
পাখপাখালির কিচিরমিচির
শুনতে সবাই পাবে।

মেলা হবে খেলা হবে
বনভোজনের চিঠি
গাছগাছালি উঠল জেগে
হাসল মিটিমিটি।

কাগজ-কলম নিলাম হাতে
এই না কথা শুনে
হাসি মুখটা লাল হলো তাই
পান সুপারি চুনে।