সন্তানহারা সব বাবা-মায়ের জন্য…
৬ মার্চ ২০২৫ ১৩:১০
আবু সিনান রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম। কবরের কিনারায় আবু তালহা আল-খাওলানী রহ. বসা অবস্থায় ছিলেন।
কবর থেকে আমি যখন উঠে আসতে চাইলাম, তখন আমার হাত ধরে তিনি বললেন, হে আবু সিনান! তোমাকে কি আমি সুসংবাদ দেব না? আমি বললাম, অবশ্যই দিন। তিনি বললেন, আবু মূসা আল-আশআরী রা. থেকে যাহ্হাক ইবনে আবদুর রাহমান ইবনে আরযাব রহ. আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে আল্লাহ তায়ালা তাঁর ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। পুনরায় আল্লাহ তায়ালা প্রশ্ন করেন, তোমরা তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। পুনরায় তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কী বলেছে? তারা বলে, সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তায়ালা বলেন, জান্নাতের মধ্যে আমার এ বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো “বাইতুল হামদ বা প্রশংসালয়।” (তিরমিযী)।