রমযান আত্মশুদ্ধির মাস : রফিকুল ইসলাম খান


৬ মার্চ ২০২৫ ১২:২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রমযান আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস এ মাসে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে হবে। এ কুরআন নাজিলের মাসে আমরা নিজেরা কুরআন পড়ব, কুরআন বুঝবো, আল কুরআনের সমাজ গড়ব, ইনশাআল্লাহ।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ভোটার তালিকা প্রণয়নের নামে ২০০৮ সালে একটি বিশেষ মহলের ইন্ধনে ২ কোটি ভুয়া ভোটার বানানো হয়েছিল। এসব ভুয়া ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। জনগণ গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেবে না। তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকা প্রস্তুত করুন। একটি নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা নিরপেক্ষ নির্বাচনের প্রথম ধাপ। আওয়ামী স্টাইলে নির্বাচন আর করতে দেওয়া হবে না। ভোট ডাকাতি করে, পেশিশক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় আসার সুযোগ নেই। যারা ভোট ডাকাতির নীলনকশা তৈরি করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছেন, তাদের এ স্বপ্ন পূরণ হবে না। গত মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে উনুখা পাগলা পীর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর মো. রাশেদুল ইসলাম শহীদ, সলঙ্গা থানা জামায়াতের সাবেক আমীর হোসেন আলী, সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি রাকিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।