ইসলামী রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে : এডভোকেট ড. হেলাল উদ্দিন


৬ মার্চ ২০২৫ ১২:২১

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেয়েও জনগণের মৌলিক অধিকার পূরণে কাজ করছে। অথচ জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নতুন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
গত ৪ মার্চ মঙ্গলবার রাজধানীর মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামী কর্তৃক সাহরি ও ইফতার ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি, ইসলামী রাষ্ট্র গঠনে ঢাকা-৮ আসনের জনগণকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মতিঝিল পূর্ব থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খলিলুর রহমানের পরিচালনায় উপহারসামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহাপুর পূর্ব থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ ও ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ। এর আগে বিকেলে রাজধানীর নিউমার্কেট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাহরী ও ইফতারসামগ্রীর ফুড প্যাকেজ উপহার প্রদান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সাধ্যের সবটুকু দিয়ে দরিদ্র রোজাদারসহ দেশবাসীর সেবায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিজেও মানবতার সেবায় দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন। তিনি জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীসহ বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে রোজাদারসহ দরিদ্র মানুষের দুর্ভোগ কমিয়ে রমাদানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদসহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।