আবদুল কুদ্দুস ফরিদী-এর কবিতা : নতুন দিনের গান


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

নতুন দিনের কাব্যগাথা নতুন দিনের গান
আঁধার কেটে নূরের পরশ আলোর অভিযান।
দূর হয়েছে অমারাতি ফুটছে আলোর ফুল,
রেণুর বাসে প্রজাপতির খুশি হুলুস্থুল।
সত্যের আলো প্রস্ফুটিত হয়েছে,
মিথ্যার আঁধার পালিয়ে গেছে
মিথ্যার কালো তো পালাবেই।

পূর্বাকাশে শুকতারাটি আনন্দে ঝলমল,
আঁধার আকাশ নীলচে আভায় রঙিন সমুজ্জ্বল।
ফুঁৎকারে সূর্যটাকে নিভিয়ে দেবে?
আল্লাহ তো প্রদীপটাতে অত্যুজ্জ্বল
করবেনই। পেচকরা যতই চেঁচাক না কেন।

ছায়াপথে চলছে হেঁটে পূর্ণিমা চাঁদ একা,
প্রস্ফুটিত নন্দিত রূপ কালো তিলের রেখা।
নতুন দিনের গান গেয়ে যাই আল্লাহ মেহেরবান,
আঁধার কেটে নূরের পরশ আলোর অভিযান।
দীর্ঘদিনের পর কেটেছে অমানিশার রাত,
হেরার আলোয় শান্তিঘেরা-বেহেশতি সওগাত।