দিনাজপুর জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির

দেশে যারাই স্বৈরাচারী আচরণ করবে, তাদের বিরুদ্ধেই জামায়াত লড়াই করবে: মাওলানা এটিএম মা’ছুম


১০ অক্টোবর ২০২৬ ১৮:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, এ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়োগ করবে। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে শহীদ হতে হয়েছে। অসংখ্য নেতকর্মী গুম ও শহীদ হয়েছেন। লক্ষাধিক নেতাকর্মী আহত, পঙ্গুত্ব ও কারাবরণ করেছেন।

শনিবার ১০ অক্টোবর দিনাজপুর শহরের গ্রীন ভিউ কমিউনিটি সেন্টার এবং বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে পৃথকভাবে দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলনে ও শিক্ষাশিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাওলানা এটিএম মা’ছুম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন সরকার ইতোমধ্যে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করছে। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা ও তামাশা করছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশের জনগণকে সাথে নিয়ে ১১ দলীয় ঐক্য ঘোষিত গণমানুষের দাবি আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শপথের জনশক্তি রুকনদের কুরআন ও হাদীস অধ্যয়ন সহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যোগ্যতা অর্জন করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, অঞ্চলের টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ মাওলানা রবিউল ইসলাম, সহিদুল ইসলাম খোকন, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, তৈয়ব আলী, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, মাওলানা মুজিবুর রহমান, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন ও সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মেহরাব আলী প্রমুখ।

উল্লেখ্য ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে দিনাজপুর শহর, সদর উপজেলা, বিরল, চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার রুকন (পুরুষ ও মহিলা) উপস্থিত ছিলেন।