যুবসমাজ সঠিক পথে দাঁড়ালে জাতি এগিয়ে যাবে : এডভোকেট জুবায়ের
৮ অক্টোবর ২০২৬ ২০:৪০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবকরা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা হলে মানুষ যেমন সোজা হয়ে দাঁড়ায়, তেমনি যুবসমাজ সঠিক পথে দাঁড়ালে জাতিও এগিয়ে যাবে।
আজ ৮ অক্টোবর ঠাকুরগাঁও শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সদর-০১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি ও সেক্রেটারি সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবায়ের বলেন, যুবকদের সন্ত্রাস ও মাদক থেকে দূরে রেখে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশে যুবকদের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আমাদের যুবকরা জাতির সর্বক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকবে। সুন্দর, সুস্থ-সবল এবং গতিশীল নেতৃত্ব এই যুবকরাই দিতে পারবে। আমরা ভয়-ভীতি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই চালিয়ে যাবো। আসন্ন ঠাকুরগাঁও-০১ আসনের উপনির্বাচনে জননেতা দেলাওয়ার হোসেন এর পক্ষে যুব সংগঠকদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ও শান্তিপূর্ণ নির্বাচনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ইসলামের বিভিন্ন আন্দোলন ও বিজয়ের ক্ষেত্রেও যুবকদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি যুবকদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনে আগামী দিনের যে নির্বাচনী যুদ্ধ- সে লড়াইয়ে যুবকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো অপশক্তির ষড়যন্ত্র কাজে আসবে না, ইনশাআল্লাহ্।
বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, দাঁড়িপাল্লাকে বিজয় করে ঠাকুরগাঁও থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ঘুষ-দুর্নীতিসহ সকল অপকর্ম দূর করে উন্নত ঠাকুরগাঁও গড়তে আমাদের যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঠাকুরগাঁয়ের অনেকগুলো সমস্যার মধ্যে একটি হলো বেকার সমস্যা। কিন্তু বিগত সময়ে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন- কেউ এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। যুবসমাজকে সম্পদে পরিণত করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এসময় তিনি ঠাকুরগাঁওয়ে একটি ইপিজেড প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইপিজেড প্রতিষ্ঠিত হলে বিপুলসংখ্যক যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি স্থানীয় কাঁচামালকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
দেলাওয়ার হোসেন আরও বলেন, মাদক বর্তমানে সমাজের একটি গুরুতর সমস্যা। আর যারা মাদকের বিরুদ্ধে কথা বলছেন- তারা নিজেরাই অনেকে মাদকের সাথে নানাভাবে সংযুক্ত। আর তাই মাদক মুক্ত সমাজ গড়ে উঠছে না। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি নির্বাচিত হলে সমাজকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। আর এই যুবকদের দক্ষতা, কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা গেলে তারা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শাহাজালাল জুয়েল। এ সময় জেলা ও উপজেলাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।