বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল

সোনার বাংলা অনলাইন
৬ মার্চ ২০২৬ ২২:০১

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ৬ মার্চ ২০২৬ (শুক্রবার) বিকাল ৩:৩০ মিনিটে ঢাকার বেইলি রোডস্থ বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি। দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী নাছির উদ্দীন আল মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক আবুল আসাদ, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কবি নাসির হেলাল, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, হাসান আলীম, আশরাফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, নাট্যকার মাহবুব মুকুল, শিল্পী মশিউর রহমান প্রমুখ। এছাড়াও দেশবরেণ্য বহু কবি, সাহিত্যক, লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে অতিথিরা রমজানের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি দেশের সুস্থ ও ইতিবাচক সাংস্কৃতিক ধারা বিকাশে করণীয় বিষয় নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা।

উক্ত অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বিভিন্ন জেলা-মহানগরী শিল্পীবৃন্দ। দলীয় রমাদান সঙ্গীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।-প্রেস বিজ্ঞপ্তি

ইফতার মাহফিল

সম্পর্কিত খবর