নীরবে চলে গেলেন অধ্যাপক ইদ্রিস আলী ( রাহিমাহুল্লাহ )
৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬
গত ২রা সেপ্টেম্বর সকাল ৮টায় ইন্তেকাল করেছেন কবি আসাদ বিন হাফিজের বড় ভাই অধ্যাপক ইদ্রিস আলী ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। ৪ ভাইয়ের মাঝে তিনি ছিলেন ২য়। কবি আসাদ বিন হাফিজের চেয়ে ১৩ বছর বড় ছিলেন তিনি। অধ্যাপক ইদ্রিস আলী সর্বশেষ ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপ্যাল হিসাবে চাকুরী জীবন শেষে অবসরে যান। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে তিনি বিভিন্ন সরকারী সংস্থায় চাকুরী করেন। নিয়ারার ( নায়েম ) এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রধান,কুমিল্লা, ফেনী টিচার্স ট্রেনিং কলেজ, ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে কর্মরত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের ডেলিগেট হিসাবে সফর করেন। চাকুরী জীবন শেষে তিনি বাংলাদেশ চাষী কল্যাণ সমিতিতে দায়িত্বশীল ভুমিকা পালন করে গেছেন। মরহুমের বড় ভাই অধ্যাপক ইউসুফ আলীর মতো তিনিও মেট্রিক ও ইন্টারমিডিয়েটে বোর্ডে স্ট্যান্ড করেছিলেন।
কবি আসাদ বিন হাফিজের প্রীতি প্রকাশনীতে সন্ধ্যার পর কবি সাহিত্যিক শিল্পীদের আসরে তিনি মাঝে মাঝে আসতেন। হাসিমুখে কথা বলতেন, আমাদের অনেক মহব্বত করতেন। আলোকিত মানুষগুলো একে একে বিদায় নিচ্ছেন। আল্লাহ অধ্যাপক ইদ্রিস আলীকে ( রাহিমাহুল্লাহ ) জান্নাতে উচ্চ মাকাম দান করুন।