জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী পালন


২২ জুলাই ২০২৬ ১৫:০৩

গ্রামবাংলা ডেস্ক : জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল এসব কর্মসূচি পালন করেছে। শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সারা দেশের সংবাদদাতাদের পাঠানো খবরের খণ্ডিত অংশ
রংপুর সংবাদদাতা : রংপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদ স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের এমপি এডভোকেট রেজেকা সুলতানা, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন এবং শহীদ আবু সাঈদের সহযোদ্ধা শামসুর রহমান সুমন, রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও শাহরিয়ার সোহাগ।
এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও জিয়ারতে অংশ নেন।
রংপুর মহানগর ১১ দলের আলোচনা সভা
দিবসটি উপলক্ষে গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগর জামায়াতের কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা করেছে রংপুর মহানগর ১১ দল। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগ আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর প্রচার সেক্রেটারি এডভোকেট কাওছার আলী, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহজাহান সিরাজ, জুলাই শহীদ মিলনের স্ত্রী দিলরুবা বেগম, জাগপা জেলা সভাপতি শাহীন আলম, লেবার পার্টির মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা, বাংলাদেশ ডেভলোপমেন্ট পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান।
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের র‌্যালি ও সমাবেশ
কুমিল্লা সংবাদদাতা : ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল প্রমুখ।
জামায়াতের কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ইলিয়াস বিন হাসেম এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ।
চট্টগ্রামে জুলাই শহীদদিবস পালন
চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেদিন রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় সংঘটিত সহিংসতায় আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত, ফারুক হোসেন, মো. শাহজাহান ও সবুজ আলীসহ নিহতদের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয় এবং দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করে।
চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, জাগপার চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুজিবুর রহমান, খেলাফত মজলিসে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রশিদ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাত : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল জেলা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল্লাহ তালুকদার।
সরিষাবাড়ীতে জামায়াতের জুলাই শহীদ দিবসের আলোচনা সভা
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : সরিষাবাড়ীতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা জামায়াতের অফিসে সরিষাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর আমীর গোলাম রব্বানীর সভাপতিত্বে সেক্রেটারি আহমদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন প্রমুখ।
জুলাই শহীদ দিবসে কক্সবাজার জেলা জামায়াতের দোয়া
কক্সবাজার সংবাদদাতা : জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই বিকেলে কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, কর্মপরিষদ সদস্য রফিকুল্লাহ মুকুল প্রমুখ।
শরীয়তপুরে ১১ দলের জুলাই শহীদ দিবসের র‌্যালি
শরীয়তপুর জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ আবু সাইদসহ অন্য শহীদদের স্বরণে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত ১৬ জুলাই বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি করেছে। র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী এবং বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানী। এ সময় শহীদ পরিবারের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
নড়াইলে জুলাই শহীদ দিবসে জামায়াতের আলোচনা সভা
নড়াইল সংবাদদাতা : নড়াইলে জেলা জামায়াতের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। এতে বক্তব্য দেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাজী জিয়াউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ ইসহাক মিয়া, মাওলানা হাসমতউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. আব্দুস সোবহান।