এমপি গাজী নজরুলের প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নিবে জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি
২১ জুলাই ২০২৬ ১৮:০৩

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম

সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে যেসব বিতর্ক সৃষ্টি হয়েছে তার বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ২১ জুলাই এক বিবৃতিতে দলটি এ তথ্য জানায়।

বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এবিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।