খুলনায় উপর্যুপরি হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার চরম অবনতিতে মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ


২৬ নভেম্বর ২০২৬ ১২:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার

খুলনায় সাম্প্রতিক সময়ে ও চলতি বছরে সন্ত্রাসী কর্মকাণ্ডে নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা ও মানুষের চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী, জেলাসহ এ অঞ্চলে ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের। এ অঞ্চলকে খুন ও হত্যার অভয়ারণ্যে পরিণত করেছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও দায়িত্বশীল সংস্থাসমূহের পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার উন্নতিরও কোনো লক্ষণ দৃশ্যমান নয়। এটি জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আমি সব ধরনের হত্যাকাণ্ড, খুন, ডাকাতি এবং আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার এলাকাসহ সাত স্থানে গুলির ঘটনা ঘটেছে এবং নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় একজনের প্রাণহানি হয়েছে। এটি খুলনা তথা এ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নির্দেশক। আমি হতাহত নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি, মোট ৭৯টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় একজন দুর্বৃত্তের গুলিতে নিহত হন। কোনো কোনো হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটছে, যা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর পতিত ফ্যাসিস্ট শক্তি, সন্ত্রাস ও দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে কার্যত কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অতিমাত্রায় দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অভ্যন্তরীণ কোন্দলের প্রেক্ষাপটে অনেক সাধারণ নাগরিক ভুক্তভোগী হচ্ছেন। আমরা সরকারের ভূমিকা এবং দলীয় সন্ত্রাসবাদকে উসকে দেওয়া তথা কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীদের দ্বারা প্রশ্রয় দেওয়ার হীন তৎপরতায় অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দাবি করছি, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে পতিত স্বৈরাচারের প্রেতাত্মাদের পুনর্বাসনের যেকোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপ থেকে সরে আসতে হবে।

তিনি আরও বলেন, খুলনা অঞ্চলসহ দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সক্রিয় করতে হবে। প্রয়োজনে লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করতে হবে এবং সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের নির্মূলে অভিযান জোরদার করতে হবে। অন্যথায় সরকার সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে দায় এড়াতে পারবে না। স্থিতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য যেকোনো ধরনের সন্ত্রাস ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।