ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে: অনিয়ম ও ব্যালটে আগাম সিল মারার অভিযোগ
২৯ অক্টোবর ২০২৬ ১২:২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোট দিয়েছেন বিএনপি-জামায়াত প্রার্থীরাও। তবে বিভিন্ন কেন্দ্রে ব্যালটে আগাম সিল মারার অভিযোগ উঠেছে। পাশাপাশি অনেক প্রিসাইডিং কর্মকর্তার পরিচয় পত্রে ছবি না থাকা, সাদা কাগজে পরিচয়পত্র ব্যবহার এবং রিটার্নিং কর্মকর্তার সিল না থাকার অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর কর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এর কিছু সময় পর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
ভোট প্রদান শেষে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
অপরদিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। আবহাওয়া জনিত কারণে ভোটার উপস্থিতি কম হলেও, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা রাখছি।’
এদিকে বিএনপি-জামায়াত ব্যতীত অপর তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা না হওয়ায় তারা ভোটা দিতে পারবেন না। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম তার নিজ কেন্দ্র বড়গাওয়ে ভোট দিয়েছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন।