‘৭১ টেলিভিশনে’ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির বক্তব্য বিকৃত করে প্রচারের নিন্দা ও প্রতিবাদ
১৬ অক্টোবর ২০২৬ ২১:০২
সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘৭১ টেলিভিশনে’ বক্তব্য খন্ডিত আকারে বিকৃত করে প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শুক্রবার ১৬ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
নাজিবুর রহমান মোমেন এমপি বলেন, আমার একটি বক্তব্যকে বিকৃতভাবে আংশিক প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। এটি পেশাদারিত্বের লঙ্ঘন, আমাকে জাতির কাছে খাটো করা এবং ভুল বার্তা দেয়ার অপচেষ্টা ও ষড়যন্ত্র। আমি ৭১ টিভির এমন সম্পাদকীয় নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি আরও স্পষ্টীকরণে বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদে আমি আমার অবস্থান থেকে ভূমিকা পালন করে আসছি, যা রেকর্ডেড এবং জাতির কাছে প্রকাশিত। এজন্য আমার বক্তব্যকে খন্ডিত আকারে বিকৃত করে ৭১টিভির প্রচার করা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এজন্য জাতির সামনে সত্য তুলে ধরে বিভ্রান্তি দূর করতে আমার প্রদত্ত পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরছি।
আমার প্রদত্ত পূর্ণাঙ্গ বক্তব্য-
আমি বলেছি, ‘‘তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে ওনারা বাস্তবায়ন করার কথা বলেছেন, এটা বাস্তবায়িত হোক। এবং এটা জনরায়ের আলোকেই বাস্তবায়িত হোক।
এখন বিএনপি যেটা করতে পারে, তারা পদ্ধতিতে আমাদের সাথে ভিন্নমত পোষণ করছে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। ওনারা বিলটা আনুক, আমরা দেখি আসলেই ওনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চান কি চান না।
এরপরে আমাদের আসলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, যে আসলেই যদি এটা জুলাই সনদের আলোকেই হয়, গণরায়ের প্রতিফলনটা হয়, তাহলে তো আমাদের এখানে দ্বিমত করার কোনো সুযোগই থাকছে না।
যে পদ্ধতিতে বিএনপি এটা করছে, এটা টেকসই কোনো পদ্ধতি না, কিন্তু, জুলাই সনদ যদি সামগ্রিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমরা খুশি হব।
আপনারা এখন একটা কমিটি করেছেন। কমিটি করে এখন আপনারা বলছেন অংশীজনদের সাথে আপনারা মতবিনিময় করবেন। কী নিয়ে মতবিনিময় করবেন? আপনাদের তো ছয় মাস, এক বছর অনেক দিন ধরে মতবিনিময় হয়েই তো একটা জুলাই সনদে সকল পক্ষ স্বাক্ষর করেছে, তারপরে এটা নিয়ে গণ-অভ্যুত্থান হয়েছে। নতুন করে মতবিনিময় করা এটা কিন্তু জনমনে সংশয় জন্ম দিচ্ছে। আপনারা কি তাহলে জুলাই সনদের যে সমস্ত বিষয়ে একমত হয়েছেন, সেখান থেকে পিছু হটছেন কি না, নতুন কিছু যোগ করতে চাচ্ছেন কি না।”