মানুষের কল্যাণে কাজ করাই জামায়তে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য
২৮ জুলাই ২০২৬ ১৯:৪৫
রাজধানীর মিরপুরের ৪ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা- ১৫ আসনের অসহায়, দুস্থ ও অসুস্থদের মাঝে বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কেবল ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের কল্যাণে কাজ করাই এর মূল লক্ষ্য। দেশের যেকোনো সংকট, প্রাকৃতিক দুর্যোগ বা সাধারণ মানুষের অর্থনৈতিক ও শারীরিক অসুস্থতায় দল সবসময় জনগণের পাশে থাকবে। তিনি গত ২৮ জুলাই মঙ্গলবার মিরপুরের ৪ নম্বর কমিউনিটি সেন্টারে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা-১৫ আসনের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
ডা. শফিকুর রহমান এমপি আরও বলেন, অতীতে যেভাবে সরকারি সাহায্য বা অনুদান বণ্টনে স্বজনপ্রীতি ও দুর্নীতি হতো, সেই সংস্কৃতির অবসান ঘটিয়ে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রকৃত অসহায়দের তালিকা তৈরি করে এই চেক দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। এই অনুদান বা সরকারি তহবিল কোনো ব্যক্তি বা বিশেষ দলের নিজস্ব সম্পত্তি নয়; এটি জনগণের ট্যাক্সের টাকা এবং জনগণের রাষ্ট্রীয় আমানত। তাই প্রকৃত হকদারদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, এই সরকারি বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে দুস্থ ও অসুস্থ নাগরিকরা তাদের তাৎক্ষণিক সংকট (যেমন চিকিৎসা বা জরুরি পারিবারিক প্রয়োজন) কাটিয়ে উঠতে পারবেন এবং ভবিষ্যতে যেন তারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন, সেই সমাজ ব্যবস্থার দিকে আমাদের এগোতে হবে। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।