বুক সোসাইটির ৪৯তম এজিএমমে বক্তারা
তরুণ প্রজন্মকে বই পড়ানোর মধ্য দিয়ে আলোকিত দেশ গড়তে হবে
১ আগস্ট ২০২৬ ১০:০১
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ সুদীর্ঘ পথপরিক্রমায় আলোকিত মানুষ গড়ার প্রত্যয় এবং সুস্থ ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ সহায়ক বই প্রকাশ ও বিপণনের মাধ্যমে জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার অভ্যাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। সভ্যতার বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম। দেশের সাহিত্যভান্ডার সমৃদ্ধ মানে দেশ সমৃদ্ধ। তরুণ প্রজন্মকে বই পড়ানোর মধ্য দিনে সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়তে হবে। বুক সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন। সভায় আরো বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খান, পরিচালক হিসাব (ঢাকা) প্রফেসর এ. টি. এম. ফজলুল হক, পরিচালক হিসাব (চট্টগ্রাম) মোহাম্মদ উল্লাহ, পরিচালক মার্কেটিং (চট্টগ্রাম) মো: ছিদ্দিকুর রহমান, পরিচালক মার্কেটিং (ঢাকা) অ্যাডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন ও প্রফেসর ড. শামসুল আলম প্রমুখ। সভায় সোসাইটির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭৫% লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। এ ছাড়াও সভায় ২০২৬-২০২৬ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন, ২০২৬- ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত পরিকল্পনা, একই অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আয়-ব্যয় হিসাব পেশ ও অনুমোদন করা হয়।