বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ


১১ নভেম্বর ২০২৬ ১৬:২৭

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের নিজস্ব ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে যেসব অপরাধের তথ্য উঠে এসেছে, সেগুলোরও জবাবদিহি চায় সংস্থাটি। তবে অতীতের অপরাধের বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে আলাদা করে দেখছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।

মঙ্গলবার ১০ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যেগুলো নথিভুক্ত করেছে সেগুলোসহ, সব অপরাধের জবাবদিহি অবশ্যই আমরা চাই।

ফারহান হক যে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর পরিচালনা করে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ওই দমন-পীড়নের অবসান ঘটে।