প্রবাসীদের মেধা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান
১৩ অক্টোবর ২০২৬ ১০:২৬
প্রবাসীদের শুধু রেমিট্যান্সের উৎস হিসেবে বিবেচনা না করে তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে এনআরবি ওয়ার্ল্ড। একই সঙ্গে প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানে দালালের প্রতারণা প্রতিরোধ এবং দেশে ফেরার পর তাঁদের সম্মানজনক জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাফে দ্য লুনায় এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে এ সামিট অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘থিংক বাংলাদেশ’। আয়োজকদের আশা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আয়বার মহাসচিব ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীদের অধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় তাঁদের নিজেদেরও সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং দালালচক্রের প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাঁর মতে, প্রবাসীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ দেশের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।
সামিটের আহ্বায়ক মমিনুল হক বলেন, প্রবাসীদের কেবল ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও অন্যান্য পেশাজীবীর জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তাঁর মতে, ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারকে ‘ব্রেইন গেইন’-এ রূপান্তর করা গেলে প্রযুক্তি, উদ্ভাবন, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে প্রবাসীদের অধিকার ও কল্যাণে নেওয়া কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। প্রবাসীদের বিনিয়োগ সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবা গ্রহণে স্বচ্ছতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি দীর্ঘ কর্মজীবন শেষে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক নিরাপত্তা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং প্রবাসীদের সঙ্গে দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আয়োজকদের মতে, প্রবাসীদের দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি তাঁদের বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। এ জন্য প্রবাসীবান্ধব নীতি, সহজ বিনিয়োগব্যবস্থা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ঢাকায় অনুষ্ঠেয় এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এ ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও প্রবাসীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হবে। এ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাঁদের মতে, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান শুধু রেমিট্যান্সে সীমাবদ্ধ নয়; তাঁদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকেও জাতীয় অগ্রগতির অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি।