যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
৫ নভেম্বর ২০২৫ ১৬:০৮
যুক্তরাষ্ট্রের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এ সময় তাতে আগুন ধরে যায়। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, উড্ডয়নের পরপরই ইউপিএস কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বিমানটি ও আশেপাশের ভবনগুলো সম্পূর্ণভাবে জ্বলে যায়। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
কমপক্ষে ১১ জন আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৩৮,০০০ গ্যালন (প্রায় ১,৪৪,০০০ লিটার) জ্বালানি ছিল, যা বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে পরিণত হয় এবং কাছাকাছি বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে গ্রাস করে। ইউপিএসের ফ্লাইট ২৯৭৬ হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের সময়ই বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি ফুয়েল রিসাইক্লিং কোম্পানির ভবনে আঘাত করে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন। তাদের কারও খোঁজ পাওয়া যায়নি।