ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে আরোহী ছিলেন ২৪২ জন


১৩ জুন ২০২৫ ০০:৪২

রয়টার্স, আহমেদাবাদ : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে গত ১২ জুন বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশনসহ অন্যান্য সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।
গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ গত ১২ জুন এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই এপিকে বলেন, উড়োজাহাজটি মেঘানি নগর আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটিতে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে মোট আরোহীর সংখ্যা নিয়ে গণমাধ্যমগুলোতে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
বিবিসি বলেছে, উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড়োজাহাজটির ৫৩ যাত্রী যুক্তরাজ্যের নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এ ছাড়া উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ১ জন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানা গেছে।