বাকুতে এরদোগান-ইউনূস বৈঠক


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

সোনার বাংলা ডেস্ক : আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে গত ১২ নভেম্বর মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এবং তুর্কি ফার্স্টলেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বাসস জানায়, বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানসহ বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন।
প্রেসিডেন্ট এরদোগান ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অধ্যাপক ইউনূস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অন্য যাদের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন, তারা হলেন- লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা, মন্টিনিগ্রো প্রেসিডেন্ট জ্যাকভ মিলাতোভিচ এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি এবং ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো। এসব বৈঠকে বিশ্বনেতারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশংসার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েবের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি।