ভোগান্তিতে প্রতিষ্ঠান ও শিক্ষকরা
২৫ নভেম্বর ২০২৬ ২০:৪৯
॥ সৈয়দ খালিদ হোসেন ॥
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও), পদোন্নতি, উচ্চতর গ্রেড, বিভিন্ন অনুমোদন কিংবা পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় শিক্ষকদের। উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা অফিস থাকলেও গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। ফলে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হওয়ার মতো কাজেও কেন্দ্রীয় দপ্তরের মুখাপেক্ষী হতে হয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষা প্রশাসনের এই কেন্দ্রনির্ভরতা কাটেনি। অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আবেদন যাচাই, অনুমোদন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাধিক দপ্তরের ওপর নির্ভরতা রয়ে গেছে। কোথাও আবার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, সংশোধন কিংবা পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের সশরীরে উপস্থিত হতে হচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সময়, অর্থ এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। একইসঙ্গে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়াকে ঘিরে তৈরি হচ্ছে অনিয়ম ও অনানুষ্ঠানিক আর্থিক লেনদেনের অভিযোগ। প্রশ্ন উঠছে, জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কেন স্থানীয় পর্যায়ে নেওয়া সম্ভব হচ্ছে না? প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখা, অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন করার জন্যই কী অপ্রয়োজনীয় কেন্দ্রীয়করণ বিদ্যমান আছে? এই ভোগান্তি আরও কতদিন চলবে?
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুব আলমের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এ সময় তিনি নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস রয়েছে, সরকার চাইলে এ অফিসের মাধ্যমেই উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাজ সামলাতে পারে। কিন্তু পরিস্থিতি এমন করে রাখা হয়েছে যে, যেকোনো কাজেই শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ঢাকায় অধিদপ্তর বা বোর্ডে দৌড়াতে হয়। গত ২৩ নভেম্বর সোমবার এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, গতকালই (২২ নভেম্বর) তিনি ঢাকা থেকে এসেছেন তার প্রতিষ্ঠানের এডহক কমিটি তালিকা জমা দিয়ে। এই এডহক কমিটির তালিকা জমা দেওয়ার জন্য উপজেলার শিক্ষা অফিসই যথেষ্ট। এটি দেখভাল করা বা প্রয়োজনীয় তদারকি করতে পারেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বা তার দপ্তরের সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা। কিন্তু এই কমিটির তালিকা জমা নেওয়ার কাজও নিজেদের কাছে রেখে দিয়েছে ইসলামী আবরি বিশ্ববিদ্যালয়। ফলে সারা দেশ থেকেই এই এডহক কমিটির তালিকা জমা দিতে ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ বা তার যথাযথ প্রতিনিধিকে ঢাকা আসতে হচ্ছে।
মাওলানা মাহবুব আলম আরও জানান, শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার খাতা মূল্যায়ন করতে হয় শিক্ষকদের। এই খাতা বোর্ড থেকে উপজেলার শিক্ষা অফিসার বরাবর পাঠিয়ে দিতে পারেন কর্তৃপক্ষ। কিন্তু তা না করে এই খাতা নেওয়ার জন্যও ঢাকায় আসতে হচ্ছে তাদের। তিনি জানান, খাতা নেওয়ার কুরিয়ার খরচও বহন করেন না কর্তৃপক্ষ। খাতা মূল্যায়নের পর যে বিল পাওয়া হয় শিক্ষকরা তা পেয়েও বছর পাড় হয়ে যায়। গত বছরের ফাজিল পরীক্ষার খাতার মূল্যায়নের সম্মানী ভাতা এখনো পাননি শিক্ষকরা। তিনি আরও জানান শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্জুরি নবায়নের একটি রীতি চালু রাখা হয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হয়। এই নবায়নের জন্যও ঢাকায় আসতে হচ্ছে শিক্ষকদের। এছাড়া নাম সংশোধনসহ নানা ছোট-খাটো বিষয় নিয়েও ঢাকায় আসতে হচ্ছে শিক্ষকদের। সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমেই এসব কাজ করানো সম্ভব। কিন্তু তা না করে সবকিছুই ঢাকাকেন্দ্রিক করার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা তার প্রতিনিধিরা দূরদূরান্ত থেকে ঢাকায় আসতে বাধ্য হন। এতে প্রতিষ্ঠান এবং শিক্ষকের আর্থিক ব্যয় হয়, পাশাপাশি বাধ্য হয়েই শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকতে হয় সংশ্লিষ্ট শিক্ষকদের। এই হয়রানি বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যসম্পাদনের দায়িত্ব উপজেলার শিক্ষা অফিস দেওয়া জরুরি। মাওলানা মাহবুব আলম মনে করেন, এতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা খুশি হবেন।
ছোট কাজেও ঢাকায় ছুটতে হয় প্রতিষ্ঠান প্রধানদের
দেশের প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য ঢাকায় আসা মানেই শুধু যাতায়াতের খরচ নয়। এর সঙ্গে যুক্ত হয় এক বা একাধিক দিনের কর্মঘণ্টা নষ্ট হওয়া, প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়া এবং অতিরিক্ত আর্থিক চাপ। অথচ অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের নথিপত্র স্থানীয় শিক্ষা অফিসেই যাচাই করা সম্ভব। শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন পর্যালোচনা করলে দেখা যায়, উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা অফিসের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, তথ্য সংগ্রহ, উপবৃত্তি কার্যক্রম, পাঠ্যবই বিতরণ, শিক্ষক নিয়োগ-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা এবং প্রশাসনিক তদারকি। অর্থাৎ মাঠপর্যায়ে শিক্ষাকার্যক্রম পরিচালনায় এসব অফিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সব ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে নেই। ফলে কোনো প্রতিষ্ঠানের সাধারণ প্রশাসনিক সমস্যা কিংবা শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত সুবিধা-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে একাধিক দপ্তরের অনুমোদন প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে অনলাইন আবেদন করার পরও পরবর্তী ধাপের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হয়। এখানেই বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা সামনে আসে। যে কাজের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নেওয়া সম্ভব, সেটির জন্য কেন কেন্দ্রীয় দপ্তরের অপেক্ষায় থাকতে হবে, এ প্রশ্ন এখন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের।
পাবনা জেলার সদর উপজেলার জহিরপুর দাখিল মাদরাসার সুপার জহুরুল ইসলাম সুলতান মনে করেন, প্রতিষ্ঠানের ছোট-খাটো কোনো সমস্যা হয়ে সমাধানের জন্য ঢাকায় দৌঁড়াতে হয় শিক্ষকদের। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার এলাকা থেকে ঢাকায় আসতে সাত ঘণ্টা সময় লাগে। ফিরতে একই সময় লাগে, এটা বড় ধরনের বিড়ম্বনা ও হয়রানি। জেলা ও উপজেলায় থাকা শিক্ষা অফিসগুলোকে এসব কাজ সমাধান করার দায়িত্ব দিলে হয়রানি থেকে বেঁচে যাবে হাজার হাজার শিক্ষক। তিনি বলেন, আমাদের ঢাকায় দৌড়াতে হয়, আর উপজেলা শিক্ষা অফিসে কোনো কাজ থাকে না। তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ছাড়া আর কিছুই করছেন না। তাদের কোনো কাজই দেওয়া হয়নি। ‘শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ স্ব-স্ব এলাকার শিক্ষা অফিসকে দেওয়া হলে আমরা খুবই খুশি’ বললেন সুপার জহুরুল ইসলাম সুলতান।
জেলা-উপজেলা শিক্ষা অফিসের ক্ষমতা কোথায়?
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোয় কেন্দ্রীয় দপ্তরের পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অধিদপ্তর-সংক্রান্ত তথ্যে ৯টি আঞ্চলিক কার্যালয়, ৬৪টি জেলা শিক্ষা অফিস এবং ৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও আলাদা বোর্ড রয়েছে। গুরুত্বপূর্ণ আর্থিক অনুমোদন, নিয়োগবিধি, এমপিওসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের ভূমিকার বিকল্প থাকে না। স্থানীয় কর্মকর্তাদের ওপর তদারকি ও যাচাইয়ের দায়িত্ব থাকলেও অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা নেই। ফলে বাধ্য হয়েই কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত যেতে হয়। শিক্ষা প্রশাসনের কাঠামোয় স্থানীয় অফিসগুলোকে কেবল তথ্য সংগ্রহ ও সুপারিশ পাঠানোর প্রতিষ্ঠানে পরিণত না করে নির্দিষ্ট সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো সম্ভব।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ধারণ বাজার সংলগ্ন নতুন বাজার বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরুন কান্তি দাস গুপ্ত বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সব কাজই উপজেলা এবং জেলা শিক্ষা অফিসে করার উদ্যোগ নিয়ে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে সময় বেশি দিতে পারেন। প্রতিষ্ঠানের কর্মঘণ্টাও নষ্ট হয় না। তিনি বলেন, প্রতিষ্ঠানে বেশি সময় দেওয়ার মানসিকতায় থাকায় তিনি নিজে প্রতিষ্ঠানের প্রয়োজনে ঢাকায় আসেন না। প্রতিষ্ঠানের অফিস সহকারীকে পাঠিয়ে থাকেন। বরুণ কান্তি দাস গুপ্ত মনে করেন, জেলা ও উপজেলায় সরকারের যে শিক্ষা অফিস আছে সেসব অফিসেই সব কার্যসম্পাদন করা সম্ভব, এক্ষেত্রে সরকার সদিচ্ছার উপর নির্ভর করে কাজ সম্পাদন করে। তিনি বলেন, তার জেলা থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি, আসতে যেতে অনেক সময় লাগে, পয়সাও যথেষ্ট খরচ হয়। কিন্তু উপজেলার শিক্ষা অফিসে কাজ সম্পন্ন করতে পারলে পয়সা, সময় নষ্ট হয় না। তিনি বলেন, প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানই চান, উপজেলা ও জেলা পর্যায়ে তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্নের সুযোগ হোক। এতে সবাই খুশিও হবেন, উপকৃতও হবেন।
এমপিওর ফাইল আটকে থাকে ঢাকায়, বাড়ে শিক্ষক ভোগান্তি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়গুলোর একটি এমপিওভুক্তি। চাকরিতে যোগদানের পর এমপিওভুক্তি, উচ্চতর গ্রেড, বিএড স্কেল কিংবা অন্যান্য আর্থিক সুবিধা পেতে আবেদন করতে হয় নির্ধারিত প্রক্রিয়ায়। এমপিও আবেদন অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু হলেও প্রশাসনিক যাচাইয়ের একাধিক ধাপ রয়েছে। সাধারণ স্কুলের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আবেদন যাওয়ার পর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় এবং শেষ পর্যন্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রশ্ন হচ্ছে— যেসব আবেদনের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় পর্যায়ে যাচাই করা সম্ভব, সেগুলোর প্রতিটি ধাপ কেন এত দীর্ঘ হবে? কোনো আবেদন নিয়ম অনুযায়ী সঠিক হলে সেটি অনুমোদনের জন্য একাধিক দপ্তরে ঘুরতে হবে কেন? এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায়। ‘মাধ্যমিক শিক্ষাকার্যক্রম বাস্তবায়ন : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণায় এমপিও প্রক্রিয়ায় অনিয়ম, দীর্ঘসূত্রতা এবং নিয়মবহির্ভূত অর্থ লেনদেনের অভিযোগ উঠে আসে। গবেষণায় বলা হয়, অনলাইনে আবেদন করার পরও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকলে আবেদন ফেরত পাঠানো হয়। অনেক ক্ষেত্রে ত্রুটির সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে আবেদন অসম্পূর্ণ বলে ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া যায়। আবার আবেদন যাচাই ও নথি অগ্রায়নের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগও উঠে আসে। টিআইবির গবেষণায় শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে এমপিও কার্যক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ নথিভুক্ত করা হয়।
শিক্ষার্থীদের খাতা নিতেও ঢাকায় আসতে হয় শিক্ষকদের
২০২৬ সালের এসএসসি পরীক্ষার পর বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত দিনে ২৩৫ জন পরীক্ষক বোর্ডে উপস্থিত হয়ে খাতা সংগ্রহ করেননি। পরে তাদের সশরীরে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহের নির্দেশ দেন কর্তৃপক্ষ। ফলে তারা বাধ্য হয়েই আসতে হয়েছে। এ ঘটনা দেখায়, পরীক্ষা-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বোর্ডকেন্দ্রিক ব্যবস্থার ওপর নির্ভরশীল।
শিক্ষা প্রশাসনের প্রতিটি ধাপে ঢাকার অনুমোদন কেন?
শিক্ষা প্রশাসনে কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষক নিয়োগের নীতিমালা, শিক্ষার মান নিয়ন্ত্রণ, বাজেট ব্যবস্থাপনা এবং দেশব্যাপী অভিন্ন নিয়ম বজায় রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু কোনো প্রতিষ্ঠানের তথ্য সংশোধন, নিয়মিত প্রশাসনিক অনুমোদন, নির্ধারিত শর্ত পূরণ করা আবেদন যাচাই কিংবা স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়ে কেন্দ্রীয় অনুমোদনের বাধ্যবাধকতা থাকলে তা প্রশাসনিক জটিলতা বাড়ায়। ক্ষমতা কেন্দ্রীভূত রাখার কারণে যদি কাজের গতি কমে এবং একাধিক দপ্তরে একই নথি যাচাই করতে হয়, তাহলে সেই কাঠামোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সমাধান কী, জেলা-উপজেলাকে কতটা ক্ষমতা দেওয়া সম্ভব?
শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণ করতে হলে প্রথমেই কাজের ধরন অনুযায়ী ক্ষমতা ভাগ করতে হবে। যেসব সিদ্ধান্তের জন্য জাতীয় নীতিমালা বা কেন্দ্রীয় অনুমোদন প্রয়োজন, সেগুলো কেন্দ্রীয় পর্যায়েই থাকবে। কিন্তু নিয়মিত প্রশাসনিক কাজ, তথ্য সংশোধন, নথি যাচাই, নির্ধারিত শর্ত পূরণ করা আবেদন নিষ্পত্তি এবং স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে।
এমপিও ব্যবস্থায় আবেদন যাচাইয়ের দায়িত্ব স্থানীয় পর্যায়ে রেখে চূড়ান্ত অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। একই নথি একাধিক দপ্তরে যাচাইয়ের পরিবর্তে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করা প্রয়োজন। কোনো আবেদন বাতিল হলে তার সুনির্দিষ্ট কারণ অনলাইনে জানাতে হবে। আবেদন কোন কর্মকর্তার কাছে কতদিন ধরে আটকে রয়েছে, সেটিও আবেদনকারীকে দেখার সুযোগ দিতে হবে। পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিতরণকেন্দ্র বাড়ানো যেতে পারে। এতে শিক্ষকদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে। একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত জনবল, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর ব্যবস্থাও থাকতে হবে।
প্রসঙ্গত, শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আগেও সুপারিশ এসেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটি দীর্ঘ মেয়াদে জেলা শিক্ষা কর্তৃপক্ষ গঠন করে মাধ্যমিক শিক্ষার দায়িত্ব তাদের হাতে দেওয়ার সুপারিশ করে। এজন্য অন্তত ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে জেলা শিক্ষা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও দেওয়া হয়। অর্থাৎ শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নীতিনির্ধারণী পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। অথচ শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের অভিযোগ, দৈনন্দিন অনেক প্রশাসনিক কাজের জন্যও তাদের এখনো কেন্দ্রীয় দপ্তরের ওপর নির্ভর করতে হচ্ছে। শিক্ষা প্রশাসন বিকেন্দ্রীকরণের বিষয়টি শুধু শিক্ষাবিদদের মতামত নয়, জাতীয় শিক্ষানীতিতেও অন্তর্ভুক্ত ছিল। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রশাসন অংশে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা প্রশাসনে ক্ষমতা, দায়িত্ব ও কর্তৃত্বকে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যন্ত বিকেন্দ্রীকরণ করা হবে। দেড় দশক আগেই যে বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।