আরেকটি অনিবার্য বিপ্লবের পদধ্বনি
২৫ নভেম্বর ২০২৬ ২০:৪৭
॥ হারুন ইবনে শাহাদাত ॥
‘অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না’ কিংবা উটপাখির মতো বালিতে মুখ লুকালেই চলমান ঘটনা অদৃশ্য হয়ে যায় না। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে— ২০২৪-এর জুলাই-আগস্ট আন্দোলন, গণঅভ্যুত্থান, অসম্পূর্ণ বিপ্লব ও গণভোটের আলোকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপি সরকার দ্বিমুখীনীতি অবলম্বন করেছে। এতে দেশ ও জনগণই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বিএনপির পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই বলে বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষকরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না। এটা সুস্পষ্ট মনে হচ্ছে, যেন বিএনপি পুরোনো পথেই হাঁটছে।’ যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপি জুলাই জাতীয় সদন বাস্তবায়ন করছে না বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, ‘তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশকিছু অধ্যাদেশ বাতিল করেছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গিয়েছে। অতীতের ইতিহাস বলে, টু-থার্ড মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের জন্য কল্যাণ বয়ে আনেনি। জনগণের জন্যও কল্যাণ বয়ে আনেনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, এটি জনগণের রায়ের পক্ষে এবং এটাই শেষ কথা। এতে কোনো যদি বা কিন্তুর সুযোগ নেই।’
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার, গণভোট এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক ও মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে বর্তমান সরকার ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনা ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলছে; অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের একাংশ সরকারের ভূমিকা ও নীতির কঠোর সমালোচনা করছেন। বিভিন্ন রাজনৈতিক সূত্র, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য এবং সাম্প্রতিক ঘটনাবলি বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিলতর করছে সরকার। বিশেষ করে জুলাই সনদ ও আওয়ামী লীগ প্রশ্নে সরকারের বর্তমান অবস্থান পরিষ্কার না করলে রাজনীতির আকাশের কালোমেঘ কাটবে না।
আওয়ামী লীগের বর্তমান সন্ত্রাসের সমালোচনা করে ড. বদিউল আলম বলেন, ‘আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। অসাংবিধানিক কর্মকাণ্ড ও সহিংসতা কখনোই কোনো স্থায়ী সমাধান দিতে পারে না। কেবল সাংবিধানিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতিই দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সহিংসতা দূর করতে রাষ্ট্রের সহিংস পথ অবলম্বন ক্ষতিকর পরিণতি বয়ে আনতে পারে। তবে আওয়ামী লীগ বর্তমানে যে ধরনের সহিংস আচরণ করছে, তা কোনোভাবেই ‘রিকনসিলিয়েশন’ বা সম্প্রীতির রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করতে ফ্যাসিস্টদের সাথে আপস করা হয় না। বিশেষ করে ফ্যাসিস্ট শাসকদের মধ্যে বড় বড় অপরাধে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সমর্থক ও তৃণমূলের নেতা পর্যায়ের যারা কোনো অপরাধে জড়িত নন ট্রুথ কমিশনের মাধ্যমে অপরাধ স্বীকার এবং জালিমের আইকন মুছে ফেলতে দল নিষিদ্ধ করা ছাড়া স্থিতিশীলতা আসে না। কিন্তু সরকার এ প্রশ্নে এখনো দ্বিধাবিভক্ত। সরকারের এমপি ও মন্ত্রী পর্যায়ের একটি গোষ্ঠী আওয়মী লীগের মতো ফ্যাসিস্টদের পুনর্বাসনের কথা প্রকাশ্যে বলছে, জুলাইযোদ্ধাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ফ্যাসিস্টদের সন্ত্রাসের সাথে তুলনা করার দুঃসাহস দেখাচ্ছে। এত কিছুর পরও সরকারের নীরবতা এবং শীর্ষ সন্ত্রাসীদের আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে অনেক ক্ষেত্রে স্বেচ্ছা কারাবরণ দেখে বিশ্লেষকরা মনে করছেন, এর নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র আড়াল করতেই বিরোধীদলের জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবির মধ্যে ফ্যাসিস্টদের আস্ফালনকে সরকার কঠোরভাবে দমন করার বদলে এমপি-মন্ত্রী ও কথিত সুশীলদের নিয়ে নানা হাস্যকর বয়ান হাজির করছে।
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে বিতর্ক
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার, যার রূপরেখা হিসেবে ‘জুলাই সনদ’ এবং জনগণের সরাসরি মতামত নেওয়ার জন্য ‘গণভোট’-এর দাবি উঠেছিল। সমালোচক ও আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই দুটি মৌলিক বিষয় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা থেকে সরে এসে বিএনপি এখন প্রচলিত সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই ক্ষমতা সুসংহত করতে চাইছে। সমালোচকদের ভাষ্যমতে, বিএনপি এক্ষেত্রে একটি ‘দ্বিমুখীনীতি’ অবলম্বন করছে। একদিকে তারা জুলাই আন্দোলনের চেতনার কথা বলছে; অন্যদিকে সনদ ও গণভোটের প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তবে বিএনপি নেতাদের দাবি ভিন্ন। দলটির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্র সংস্কার একটি দীর্ঘমেয়াদি ও সাংবিধানিক প্রক্রিয়া, যা রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়। সংসদীয় প্রক্রিয়া এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো প্রতিবেশী দেশ ভারত এবং ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সরকারের অঘোষিত যোগাযোগের অভিযোগ। একাধিক রাজনৈতিক সূত্র ও সমালোচকদের দাবি, বিএনপি পর্দার আড়ালে ভারত এবং আওয়ামী লীগের সাথে এক ধরনের সমঝোতা বা যোগাযোগ রক্ষা করে চলছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে ‘নরমালাইজ’ বা স্বাভাবিক করার সুযোগ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসনকে ফ্যাসিস্ট দমনে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জনতার প্রবল চাপের মুখে মাঝেমধ্যে যেসব গ্রেফতার ও রিমান্ডের ঘটনা ঘটছে, তা মূলত ‘আইওয়াশ’ বা লোকদেখানো পদক্ষেপ। অবশ্য সরকার ও প্রশাসনিক সূত্রগুলোর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে ঢালাও মামলার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে— যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। কিন্তু বিগত ১৭ বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা বলছেন, ফ্যাসিস্টদের টাকার লোভে সরকারি দল বিএনপির ব্যানার ব্যবহার করে একটি গোষ্ঠী অর্থ-বিত্তের বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগকে সেল্টার দিচ্ছে।
তৃণমূল নেতাকর্মী ও জুলাইযোদ্ধাদের মধ্যে অসন্তোষ
কেন্দ্রীয় নেতৃত্বের এই কৌশলের কারণে খোদ বিএনপির তৃণমূল পর্যায়ে এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিগত দেড় দশকে যারা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনেকেরই অভিযোগ— দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বরং সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণাও দিয়েছেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধা’ এবং সাধারণ জনগণের মধ্যেও হতাশা বাড়ছে। তাদের মতে, যে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের স্বপ্নে তারা জীবনবাজি রেখেছিলেন, বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।
বিএনপির মধ্যে গুপ্ত ফ্যাসিস্টদের দোসর
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও এর তাৎপর্য নিয়ে বিএনপির মধ্যে ফ্যাসিস্ট গুপ্ত দোসরদের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যেমন : বিএনপির এমপি ফজলুর রহমান, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, অনুগত আম তারেক এবং রাশেদ খানের মতো ব্যক্তিরা বিভিন্ন সময় জুলাই আন্দোলনকে খাটো করে বক্তব্য দিয়েছেন। এমনকি কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানকে বিগত আওয়ামী লীগের সহিংসতার সাথে তুলনা করে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। এসব বিতর্কিত বক্তব্যের পরও বিএনপি দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এই নীরবতা প্রমাণ করে যে, বিষয়গুলোয় দলের শীর্ষ পর্যায়ের মৌন সম্মতি রয়েছে।
গ্রাফিতি বিতর্ক, ম্যুরাল ও রাষ্ট্রদ্রোহ মামলা
জুলাই গণঅভ্যুত্থানে দেয়াললিখন বা গ্রাফিতি ছিল প্রতিবাদের অন্যতম শক্তিশালী মাধ্যম। জুলাইয়ের পাল্টা বয়ানকে প্রচার করতে গ্রাফিতির এই মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক শক্তি অনুধাবন করে রবীন্দ্র ঠাকুরসহ ভারতীয় লেখক ও বিশিষ্ট ব্যক্তিদের ম্যুরাল ও গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে এর নেপথ্যে আছে প্রতিবেশী দেশের দূতাবাস ও পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন। এটিকে জুলাই আন্দোলনকারীরা ফ্যাসিস্ট সাংস্কৃতিক আধিপত্যবাদের অংশ হিসেবে দেখছেন। তাদের দাবির পক্ষের যুক্তি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লাগিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ঘটনায় ‘আয়াস’ নামে একজন জুলাইযোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের এবং তাকে গ্রেফতারের পর জামিন না দেওয়াই প্রমাণ করছে— সরকার আধিপত্যবাদকে ভয় পায় এবং এই ভয়ের কারণেই জুলাই গ্রাফিতি মুছে ভারতীয় কবি-সাহিত্যিকদের ছবি আঁকছে। এ ঘটনার প্রতিবাদ করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। আধিপত্যবাদের এমন তোষামোদের প্রতিবাদীদের বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকরতায় মামলার ঘটনা নিন্দনীয় এবং ২০২৪-এর জুলাই বিপ্লব-পরবর্তী সরকারের প্রতিশ্রুতির সাথে বেমানান।
এ প্রসঙ্গে এডভোকেট মনির হোসেন সুমন বলেন, ‘মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া মারজিয়া খন্দকার,আয়াশ জুলাইযোদ্ধা। গণঅভ্যুত্থানে তাদের অবদান রয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ ও উসকানির অভিযোগগুলো সত্য নয়। আসামিদের মূল উদ্দেশ্য কোনো সাম্প্রদায়িক উসকানি দেওয়া ছিল না; বরং ঢাকার দেয়ালে দেশের শিল্পীদের বাদ দিয়ে ভারতীয় শিল্পীদের ছবি আঁকায় তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ প্রতিবাদ জানিয়েছেন। পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়কে উসকানি দেওয়ার অভিযোগও ভিত্তিহীন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে থেকেই ব্রাহ্ম ধর্ম পালন করতেন, তাই তার ছবিতে কালি দেওয়ার সাথে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো সম্পর্ক নেই।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন আন্দোলনকারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো কঠোর ধারায় মামলা দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এটি জুলাই চেতনাকে দমন করার একটি অপকৌশল। এর মাধ্যমে বিএনপি সরকার মূলত জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে খাল কেটে কুমির আনার আয়োজন করছে। ফলে আরেকটি অনিবার্য বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে।
‘খাল কেটে কুমির আনার’ আয়োজন
রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, বিএনপি সরকার যে কৌশলে এগোচ্ছে, তা দীর্ঘমেয়াদে দলটির জন্য আত্মঘাতী হবে। বিশ্লেষকদের মতে, ‘খাল কেটে কুমির আনার’ মতো পতিত ফ্যাসিস্ট শক্তিগুলোকে পুনর্বাসনের সুযোগ দিলে বিএনপিও একসময় জনবিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে উপেক্ষা করে কেবল প্রশাসনিক ও দলের মধ্যে গুপ্ত থাকা ফ্যাসিস্ট দোসরদের ওপর সরকারের অতিমাত্রায় নির্ভরতায় সংকট কাটবে না, বরং আরো ঘনীভূত হবে। বিএনপি সরকারের উচিত, এই পথ পরিহার করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায়ের আলোকে সংবিধান ও রাষ্ট্র সংস্কারে হাত দেওয়া। অন্যথায় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে দেশে আরেকটি গণবিস্ফোরণ বা বিপ্লব অনিবার্য হয়ে উঠবে। আর সেই বিপ্লব অসম্পূর্ণ এ বিপ্লবকে পরিপূর্ণতা দেবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদের রক্ত দিয়ে লেখা জুলাই সনদই আমাদের ঐক্যের ভিত্তি। জুলাইয়ে মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। বিএনপি জুলাই চেতনাকে সংবিধানে ঢোকাতে চায় না। ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে তারা এখন উল্টো পথে হাঁটছেন। সংবিধান সংশোধন না করে তারা ফ্যাসিবাদী কায়দায় ফিরে যাচ্ছেন।’ তিনি মনে করেন, তাদের দ্বিমুখী আচরণের কারণেই পতিত ফ্যাসিস্টরা জঙ্গিবাদী সন্ত্রাসী রূপে প্রকাশ্যে ফিরে আসার দুঃসাহস দেখাচ্ছে। তিনি বিএনপি সরকারের প্রতি অবিলম্বে গণভোটের রায় এবং জুলাই সনদ মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন।
রাজনীতি বিশ্লেষকরাও মনে করেন, সরকারের দায়িত্ব দ্বিমুখী আচরণের অভিযোগ ভুল প্রমাণ করতে সত্যিকার অর্থে জুলাই চেতনার ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করতে এখনই আন্তরিকভাবে এগিয়ে আসা। সরকার কতটা আন্তরিক, তা প্রমাণ হবে জুলাই সনদের আলোকে রাষ্ট্র ও সংবিধান সংস্কার উদ্যোগ নিলে। এজন্য সবার আগে বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে।