আল্লামা ইকবাল ও মাওলানা মওদূদী
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৯
॥ ফেরদৌস আহমদ ভূইয়া ॥
অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে পুরো ঊনবিংশ শতক এবং বিংশ শতাব্দীর মাঝাামাঝি সময় পর্যন্ত ভারত উপমহাদেশ ছিলো ব্রিটিশ বেনিয়াদের অধীন একটি কলোনি, তথা পরাধীন দেশ। বাংলার কুলাঙ্গার মীরজাফর ও ব্রাহ্মণ হিন্দুদের ষড়যন্ত্রের কবলে পড়ে প্রথমে বাংলা তারপর পুরো ভারতের মুসলিম শাসকরা ক্ষমতাচ্যুত হয়। ইংরেজরা ভারতের ক্ষমতা দখল করে, স্বাধীনতা হারায় ভারতের জনগণ। মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা দখল করার পর ব্রিটিশদের দালাল হিসেবে বর্ণহিন্দুরা উঁচুস্তরের গোলাম হিসেবে আবির্ভূত হয়। এই হিন্দু গোলামদের সহায়তায় ইংরেজরা বিভিন্ন মাত্রায় মুসলমানদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালাতে শুরু করে। তাই ব্রিটিশরা ক্ষমতা দখলের পর হিন্দুদের সহায়তা নিতে শুরু করে আর হিন্দুরাও ইংরেজদের ক্ষমতা পাকাপোক্ত করতে প্রকৃত গোলাম হিসেবে তাদের সবকিছু উজাড় করে দিয়েছিল।

লেখক : ফেরদৌস আহমদ ভূইয়া
ভারতে ইংরেজদের ক্ষমতা দখলের পর হিন্দুদের প্রত্যক্ষ সহযোগিতায় মুসলমানদের ওপর এ অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চলে প্রায় দুইশত বছর। এভাবে ব্রিটিশ রাজশক্তির পাশাপাশি উচ্চশ্রেণির হিন্দু জমিদারদের দীর্ঘসময়ের অত্যাচার-নির্যাতনে ভারত উপমহাদেশের মুসলমানরা অনেকটা দিশেহারা হয়ে পড়ে। মুসলমানরা ক্ষমতা হারিয়ে ইংরেজ ও হিন্দুদের অত্যাচার-নির্যাতনের কবলে পড়ে একদিকে যেমন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে; অন্যদিকে ইসলামী শিক্ষা-দীক্ষা থেকেও পিছিয়ে পড়ে। মুসলমানদের এমন এক কঠিন পরিস্থিতিতে ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারত উপমহাদেশের মুসলমানদের দুরবস্থা থেকে উত্তরণে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদ এগিয়ে আসেন, তাদের মধ্যে আল্লামা মুহাম্মদ ইকবাল (রহ.) ও আল্লামা সাইয়েদ আবুল আ’লা মওদূদী (রহ.) অন্যতম।
আল্লামা মুহাম্মদ ইকবাল (রহ.) ও মাওলানা আবুল আ’লা মওদূদী (রহ.) দুজনই ভারতে জন্মগ্রহণ করেছেন, তবে দুজন দুই অঞ্চলে। একজন উত্তর ভারতে আর একজন দক্ষিণ ভারতে। আল্লামা ইকবাল ছিলেন মাওলানা মওদূদীর চেয়ে বয়সে বড়। আল্লামা ইকবাল ১৮৭৭ সালের ৯ নভেম্বর পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। মাওলানা মওদূদী ১৯০৩ সালে ভারতের দাক্ষিণাত্যের হায়দরাবাদ রাজ্যের আওরঙ্গবাদে জন্মগ্রহণ করেন। আওরঙ্গাবাদ শহরটি বর্তমানে ভারতের মহারাষ্ট্রের অন্তর্গত। সাইয়েদ আবুল আ’লা মওদূদী (২৫ সেপ্টেম্বর ১৯০৩-২২ সেপ্টেম্বর ১৯৭৯) ছিলেন বিশ শতকের অন্যতম প্রধান ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, মুফাসসির, সাংবাদিক এবং রাজনৈতিক নেতা। তিনি দক্ষিণ এশিয়ার ইসলামী আন্দোলনের প্রভাবশালী সংগঠন জামায়াতে ইসলামী হিন্দের প্রতিষ্ঠাতা। উল্লেখ্য, জামায়াতে ইসলামী বর্তমানে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ— বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ইসলামী আদর্শ প্রচার ও প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আল্লামা ইকবাল ছিলেন ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ ও শিক্ষবিদ। তার নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই অধিক পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার একটি বিখ্যাত চিন্তা ও দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তাই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তার ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ; তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত। অগ্রণী কবি হিসেবে তিনি ভারতীয়, পাকিস্তানি, ইরানি ও আন্তর্জাতিক সাহিত্যিক এবং কবিদের দ্বারা ব্যাপক সমাদৃত।
অপরদিকে সাইয়েদ আবুল আ’লা মওদূদী ছিলেন সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ। অবশ্য সবকিছুকে ছাপিয়ে সারা বিশ্বে তার সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে তিনি ইসলামের পুনর্জাগরণের অগ্রদূত তথা মুজাদ্দিদ। তার ইসলামী সাহিত্যের মাধ্যমে সারা বিশ্বে ইসলাম তথা ইসলামী আন্দোলন একটা বিশেষ মাত্রায় পৌঁছে। সর্বোপরি মাওলানা মওদূদী ছিলেন ভারত উপমহাদেশের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা।
মাওলানা মওদূদী (রহ.) যুবক বয়সেই ইসলাম ও মুসলমানদের; বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের দুর্দশা ও ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের বিভ্রান্তি কীভাবে নিরসন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তাই তিনি ইসলামের সঠিক জ্ঞান অর্জনের জন্য হায়দরাবাদ থেকে দিল্লি হয়ে মধ্যপ্রদেশের ভুপালের বিশিষ্ট আলেম ও মুহাদ্দিসদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন। তারপর সাংবাদিকতা পেশা তথা পত্রপত্রিকায় লেখা ও প্রকাশের মাধ্যমে ইসলামী আদর্শের সঠিক রূপ বিশ্ববাসী; বিশেষ করে ভারতের মুসলমানদের কাছে তুলে ধরার কাজ শুরু করেন।
পাঞ্জাব ভারতের উত্তরাঞ্চলের একটি প্রদেশ। তৎকালীন পাঞ্জাবের গুরুত্বপূর্ণ শহর লাহোরে বাস করতেন ভারত উপমহাদেশের আর এক চিন্তাবিদ আল্লামা ইকবাল। তার চিন্তা কীভাবে উপমহাদেশের মুসলমানদের উন্নয়ন করা যায়। মুসলমানদের দুর্দশা নিয়ে তিনি তার এক কবিতায় তাই তুলে ধরেছেন। কবি ইকবাল (রহ.) তার এক কবিতায় বলেছেন,
মুসলিম সেতো কবে মরে গেছে
ইসলাম লেখা কেতাবে,
আকীদা আমল সবই চলে গেছে
মুসলিম আজ খেতাবে।
অন্তরে তাদের বাসা বাধিয়াছে
শুধু লাত মানতের দল,
মুশরিক আজ মুসলিম বেশে
করিতেছে কোলাহল ।
ইকবালের এ ধরনের লেখনীতে ভারতবর্ষের মুসলমানদের একটি অংশ বিভিন্নভাবে অনুপ্রাণিত হতে থাকে। এমনিভাবে আর একজন উচ্চপদস্থ কর্মকর্তা চৌধুরী নিয়ায আলী। তিনিও ভারত উপমহাদেশের মুসলমানদের দুর্দশায় তার চিন্তা প্রকাশ করতেন আল্লামা ইকবালের কাছে। তিনি মুসলমান যুবকদের ইসলামের শিক্ষা দিয়ে সঠিক চিন্তায় কীভাবে মর্দে মুমিন তৈরি করা যায়, তা নিয়ে ভাবতেন। ব্রিটিশ সরকারের এসডিও হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। সময়টা ১৯৩০-এর দশক। অবসরের পরপরই একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় পাঠানকোট থানার জামালপুর গ্রামে প্রায় শতাধিক বিঘা জমি ক্রয় করলেন। উল্লেখ্য, গুরুদাসপুর জেলা ও পাঠানকোট বর্তমানে ভারত অধ্যুষিত এলাকা। তিনি এ সবটুকু জায়গার ওপর একটি ইসলামী সেন্টার তৈরি করতে চান। যে ইসলামী সেন্টারে ইংরেজি শিক্ষিত যুবকদের পাশাপাশি মাদরাসা শিক্ষিত যুবকরাও ভর্তি হবে। এ সেন্টারটি আধুনিক জ্ঞানবিজ্ঞান মনস্ক যুবকদের প্রকৃত ঈমানদার মুসলমান বানাবে। অপরদিকে মাদরাসা শিক্ষিত যুবকদের আধুনিক জ্ঞানবিজ্ঞান মনস্ক বানাবে। এ ধরনের একটি আদর্শ ইসলামী সেন্টার পরিচালনার জন্য প্রয়োজন ইসলামী জ্ঞানসম্পন্ন একজন উঁচুমানের আলেম পরিচালক। তাই তিনি একজন পরিচালক দেয়ার জন্য আল্লামা ইকবালের সাথে যোগাযোগ করলেন। আল্লামা ইকবাল মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে চিঠি লিখলেন এ সেন্টারের জন্য একজন আলেম পাঠাতে। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া গেল না।
এটা ১৯৩০-এর দশকের কথা। তখন মাওলানা মওদূদী হায়দরাবাদ থেকে মাসিক তর্জুমানুল কুরআন নামে একটি পত্রিকা প্রকাশ করছেন। উর্দু ভাষায় প্রকাশিত পত্রিকাটি ভারতবর্ষের ইসলামপন্থি লোকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। আল্লামা ইকবাল নিয়মিত এ পত্রিকাটি পড়তেন। শেষ বয়সে ১৯৩৭ সালের দিকে অসুস্থতার কারণে ইকবাল তর্জুমানুল কুরআন পত্রিকাটি নিজে পড়তে পারতেন না, তাই তার সহকারী বা অন্য কাউকে দিয়ে পড়িয়ে শুনতেন। এ পত্রিকাটির মাধ্যমে আল্লামা ইকবাল মাওলানা মওদূদী সম্পর্কে জানতে পারেন। আল্লামা ইকবাল মাওলানা মওদূদীকে পাঞ্জাবের পাঠানকোটে নিয়ে আসার জন্য চৌধুরী নিয়ায আলীকে পরামর্শ দিলেন। এ লক্ষ্যে তিনি মাওলানা মওদূদীর কাছে একটি চিঠি লিখে বললেন আপনি পাঞ্জাবে চলে আসেন। এখানে এসে পাঠানকোটের নিয়ায আলী চৌধুরীর জায়গায় একটি ইসলামী সেন্টার প্রতিষ্ঠা করেন।
পাঠানকোটে আসার জন্য ১৯৩৭ ও ৩৮ সালে আল্লামা ইকবাল ও চৌধুরী নিয়ায আলীর পক্ষ থেকে বিভিন্নভাবে মাওলানা মওদূদীর (রহ.) সাথে যোগাযোগ করা হয়। চৌধুরী নিয়ায আলী দিল্লিতে এসে মাওলানা মওদূদী (রহ.) সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলেন। আল্লামা ইকবাল, তার সহকারী ও চৌধুরী নিয়ায আলীর পক্ষ থেকে কয়েক বছরে বেশ কয়েকটি পত্র বিনিময় হয়। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য পত্র এখানে তুলে ধরা হলো। যে পত্র থেকে মুসলিমদের অনেক কিছু শেখার আছে।
আল্লামা ইকবাল মাওলানা মওদূদীকে পাঞ্জাবে হিজরত করার আহ্বান জানান। এ ব্যাপারে তার পক্ষ থেকে সাইয়েদ নাযীর নিয়াযী মাওলানার সাথে যে পত্র বিনিময় করেন, তার একটি নিম্নে দেয়া হলো—
(সাইয়েদ নাযীর নিয়াযীর নিকটে মাওলানা মওদূদীর লিখিত পত্রের অনুলিপি)
তর্জুমানুল কুরআন
হায়দরাবাদ দাক্ষিণাত্য
১৭ই জমাদিউল উলা ১৩৫৬ হি. ২৬শে জুলাই ১৯৩৭।
মুহতারামী ও মুকাররামী আসসালামু আলাইকুম।
ইনায়েতনামা পেয়েছি। আমি কৃতজ্ঞ যে, আপনি স্পষ্ট ভাষায় আপনার মনোভাব ব্যক্ত করেছেন। আমিও খোলা মন নিয়ে কিছু কথা বলতে চাই। আমার জীবনের জন্যে আমি একটা লক্ষ্য ও কিছু মূলনীতি নির্ধারিত করে রেখেছি। খোদার ফযলে আমার মধ্যে এতটা দৃঢ়তা রয়েছে যে, যত বড় অসুবিধাই হোক না কেন, আমি আমার লক্ষ্য থেকে সরে পড়া এবং আমার মূলনীতির কোনো রদবদল করা কিছুতেই পছন্দ করি না। এখন আমি যে সব অসুবিধার সম্মুখীন তার সবটুকুই আমার নিজস্ব আরোপ করা বাধ্যবাধকতার কারণেই। নতুবা এ বিপদের তুফান দূর হতে পারে। আমি যে বাধ্যবাধকতা আমার ওপরে চাপিয়ে দিয়েছি তার মধ্যে এই যে, আমার নিজের জন্য কারো কাছ থেকে কোনো অর্থ সাহায্য চাইব না। দ্বিতীয় একটি এই যে, জাতীয় ও ধর্মীয় কোনো খেদমতের পারিশ্রমিক নেয়ারও কোনো চিন্তা করব না। তৃতীয় এই যে, এমন কোনো মুনাফার লোভে নিজেকে জড়িত হতে দেব না, যা আমাকে দীন ও মিল্লাতের স্বার্থে আপন বিবেচনা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে বাধা দেয়। (কিছু বাধ্যবাধকতা আরও আছে কিন্তু আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়।) এখন আপনি নিজেই বুঝতে পারেন যে, যে কথা আপনি বলেছেন, তা গ্রহণ করা আমার জন্য কত কঠিন। আমি আমার নিজের জন্যে একশ’ টাকা কেন একটি পয়সার সাহায্যও চাই না। আমার নিজস্ব খরচপত্রের জন্য আমি একটি ব্যবসার কাজ শুরু করেছি। এটা আমি লাহোরেও করতে পারি। শাহী মসজিদে ইমামতি আমার জন্যে এক অপ্রত্যাশিত নিয়ামত। কাজ করার এর চেয়ে অধিকতার সুযোগ আর কি হতে পারে? কিন্তু পারিশ্রমিক নিয়ে ইমামতি করা আমার নিকট নাজায়েজ না হলেও কঠিন মাকরূহ অবশ্যই। মুসলমানদের মধ্যে চারশ’ বছর যাবত এ বিষয়টি সর্বসম্মত ছিল যে, নামাজের ইমামতি করে এবং কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেয়া জায়েজ নয়। পরবর্তীকালে অবস্থার অবনতি তাকে জায়েজ করে দিয়েছে। তখন থেকে এ উভয় পদমর্যাদা হেয় ও প্রাণহীন হয়ে পড়েছে। এ সত্যকে আমি ভালোভাবে উপলব্ধি করি। এজন্য পারিশ্রমিক নিয়ে ইমামতি করা তো চিন্তাই করতে পারি না। তবে যদি বিনা পারিশ্রমিকে এ খেদমত আমার ওপরে সোপর্দ করা হয়, তো মন-প্রাণ দিয়ে গ্রহণ করতে তৈরি আছি।
এখন রইল রাজনীতি থেকে দূরে থাকার কথা। এর জন্য আমি মোটেই প্রস্তুত নই। আমি কোনো তাৎক্ষণিক ভাবাবেগে চালিত হয়ে রাজনৈতিক চর্চার দিকে অগ্রসর হইনি। বরঞ্চ চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, এখন আমাকে নির্জন কোণ থেকে বেরিয়ে এসে কিছু করতে হবে। মুসলমান এখন চরম সঙ্কটে লিপ্ত রয়েছে। যাদের কাছ থেকে সঠিক পথনির্দেশনা পাওয়ার আশা ছিল না তাদের কথা ছেড়ে দিন। যাদের থেকে সকল প্রকার আশা করা হয়েছিল আজ তারাও ভুল নেতৃত্ব দিচ্ছেন। কংগ্রেসের আন্দোলনের প্রসার লাভ করার ফলে মুসলমানদের মহলে ভাঙন ধরেছে। দৈনিক দল ত্যাগের খবর আসছে। জওহরলালের জাতি জনগণের মধ্যে দ্রুত তাদের প্রভাব বিস্তার করছে। ঝাঁসির নির্বাচন এ কথা সুস্পষ্ট করে দিয়েছে যে, মুসলিম জনমত কতখানি প্রভাবিত হয়েছে। এখন কংগ্রেস ও অকংগ্রেসের মধ্যে কত কম ‘মার্জিন’ রয়ে গেছে। মুসলিম নেতৃবৃন্দের বিবৃতি ও মুসলিম পত্রপত্রিকার প্রবন্ধাদি পাঠে আন্দাজ করা যায় যে, কত কম লোক রয়েছে যারা মুসলিম ভারতের সঠিক পজিশন বুঝতে পারেন এবং যাদের সামনে সঠিক পথ একেবারে সুস্পষ্ট। এমন অবস্থায় আপনি চিন্তা করুন, হাতে গণা যায় এমন কিছু লোক যারা রয়ে গেছে তাদের মধ্যে আবার একজনের নিজের ওপর চাকরির বাধ্যবাধকতা চাপিয়ে নেয়া এবং তাও দেড়-দুশ’ টাকার, কি করে সঙ্গত হতে পারে? যদি আমি তাকে সঙ্গত মনে করি, তাহলে আমার লাহোর যাওয়ার কি প্রয়োজন? উসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আমার জন্য চারশ’ টাকার পদ পাওয়া যাচ্ছে। তা কেন গ্রহণ করি না? আমি যে জন্য লাহোরমুখী হতে চাই তা শুধু এই যে, আমার দৃষ্টিতে মুসলিম ভারতের সিদ্ধান্ত (যা এখন অতি আসন্ন) উত্তরাঞ্চলের তিনটি প্রদেশের শক্তির ওপর নির্ভরশীল। আমি চাই যে, ঐ দারুল ইসলামের মধ্যে গিয়ে বসি এবং দেখি যে, ওখানে ইসলামের শক্তি বর্ধিত করার এবং তার থেকে কাজ নেয়ার কি কি সুযোগ লাভ করা যায়। এখান থেকে আন্দাজ করতে পারি না। ওখানে পৌঁছেই সুযোগের সন্ধানে থাকব। যে সুযোগই পাই, তার থেকে ফায়দা হাসিল করব। আমি এ ধরনের উপকার লাভের জন্য আপন মন-মস্তিষ্ক ও হাত-পাকে একেবারে মুক্ত ও স্বাধীন রাখতেই চাই। কোনো মূল্যেও এমন কোনো বাধ্যবাধকতা গ্রহণ করতে পারি না, যা দীন ও মিল্লাতের খেদমতের কোনো সুযোগ থেকে উপকৃত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
আশা করি, আপনি আমার দৃষ্টিকোণ ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি যেসব অসুবিধার উল্লেখ আমার বিগত পত্রে করেছিলাম তার বিবরণ এই যে, তর্জুমানুল কুরআনের মাসিক খরচ প্রায় তিনশ’ টাকা। জনগণের মধ্যে এমনসংখ্যক এর গ্রাহক নেই যে, পত্রিকার ব্যয় তাদের চাঁদা দিয়ে চালানো যাবে। নিযাম সরকার ২৭৫ খানা করে খরিদ করেন। তার বদৌলতেই পত্রিকা চলছে। যদি আমি লাহোরে যাই, তাহলে খুব সম্ভব ব্যক্তিগত খরচপত্র বহন করার সাথে সাথে পত্রিকাটির আর্থিক ক্ষতির বোঝাও আমাকে বহন করতে হবে। তা সামাল দেয়া আমার পক্ষে একরকম অসম্ভব হয়ে পড়বে। এ সমস্যার সমাধান এভাবে হতে পারে যে, পাঞ্জাব আপনার-আপনাদের মাধ্যমগুলো ব্যবহার করে তর্জুমানুল কুরআনের প্রচার ও প্রসারের চেষ্টা করবেন। যদি আমি আশা করতে পারি না, পাঁচশ’ গ্রাহক হয়ে যাবে, তাহলে আমি পত্রিকা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে যাব। আমি পত্রিকা থেকে কিছু নিতেই চাই না, কিন্তু আমার এতটুকুও সামর্থ্য নেই যে, তাকে আমি কিছু দিই।
আল্লামা ইকবালের সাথে নতুন ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের কাজে অংশ গ্রহণ করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সকল সম্ভাব্য খেদমতের জন্যে তৈরি আছি। কিন্তু এ ব্যাপারে কোনো আর্থিক ভাতার আমার প্রয়োজন নেই।
খাকসার
আবুল আ’লা।
মাওলানা মওদূদী (রহ.) প্রথমদিকে পাঞ্জাবের পাঠানকোটে যেতে রাজি না হলেও আল্লামা ইকবালের বারবার অনুরোধে রাজি হন। তারপর ১৯৩৮ সালের ১৬ মার্চ মাওলানা মওদূদী নিজের জন্মভূমি হায়দরাবাদ রাজ্যের আওরঙ্গবাদ শহর ছেড়ে পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পাঠানকোট থানার অধীন জামালপুর গ্রামে তথা একটি পল্লীতে হিজরত করেন। উল্লেখ্য, আওরঙ্গাবাদ থেকে ভারতের উত্তরাঞ্চলের প্রদেশ পাঞ্জাবের পাঠানকোটের দূরত্ব হচ্ছে প্রায় এক হাজার সাতশত কি.মি.। শুধুমাত্র ইসলামী আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য তিনি জন্মভূমি ছেড়ে এত দূরে এক নিভৃত পল্লীতে গিয়ে বসবাস শুরু করেন। ঐখানে গিয়ে তিনি ‘দারুল ইসলাম’ নামে একটা ট্রাস্ট গঠন করেন।
কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং চৌধুরী নিয়ায আলী খানের আমন্ত্রণে তিনি পাঠানকোটে যান। সেখানে প্রতিষ্ঠিত ‘দারুল ইসলাম ট্রাস্ট ইনস্টিটিউট’-এর তত্ত্বাবধান ও ইসলামী গবেষণা পরিচালনার দায়িত্ব নেওয়াই ছিল তার মূল লক্ষ্য।
তারপর ১৯৩৮ সালের জানুয়ারি মাসে তার সম্পাদিত মাসিক পত্রিকা ‘তর্জুমানুল কুরআন’-এর কার্যালয় হায়দরাবাদ থেকে পাঠানকোটে স্থানান্তর করা হয়। এরপর মার্চ মাসে তিনি সপরিবারে সেখানে বসবাস শুরু করেন। পাঠানকোটের এই ‘দারুল ইসলাম ট্রাস্ট থেকেই পরবর্তীতে তার সাংগঠনিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হয় এবং ১৯৪১ সালে জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠার পর এটি দলটির কেন্দ্রীয় সদর দপ্তরে পরিণত হয়। ১৯৪৭ সালের আগস্ট মাস পর্যন্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদর দপ্তর ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর জামায়াতে ইসলামীর সদর দপ্তর লাহোরে স্থানান্তর করা হয়।
ভারত উপমহাদেশের এ দুই সিপাহশালারের পত্র বিনিময় থেকে শুরু করে বিভিন্নমুখি চিন্তা, পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ দ্বারা বোঝা যায় তারা মুসলিম উম্মাহ তথা ভারতবর্ষের মুসলমানদের মুক্তির জন্য কত পেরেশান ছিলেন। বিশেষ করে মাওলানা মওদূদী (রহ.)-এর প্রতিটি লেখা বই ও পত্রপত্রিকায় প্রকাশিত নিবন্ধ ও আল্লামা ইকবালকে লেখা পত্রে ইসলাম ও মুসলিম উম্মাহর দুর্দশার চিত্র, দৃষ্টিভঙ্গি, করণীয় কী এসব বিষয় উল্লেখিত হয়েছে। মুসলিম উম্মাহর এ দুই মর্দে মুজাহিদ দীনের জন্য ফি সাবিলিল্লাহ জীবনকে বিলীন করে দেয়ার যে সর্বোচ্চ ত্যাগ করেছেন, তা মুসলমানদের জন্য অনন্য, দৃষ্টান্ত, অনুসরণীয় ও অনুকরণীয়।
লেখক : বার্তা সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলা।
ই-মেইল : ferdous.ab@gmail.com