সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৩

ভারতে ভোটার তালিকায় বাদ পড়া মুসলিমরা চরম অনিশ্চয়তায়
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব সংকটের মুখে পড়েছেন দেশটির বহু সংখ্যালঘু মুসলিম নাগরিক। তালিকা থেকে নাম গায়েব হওয়ার জেরে অনেককে ভিনদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে আটক এবং জোরপূর্বক পুশব্যাক বা বহিষ্কারের মতো ঘটনা ঘটছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকির গত ১৯ জুলাই সবজি কেনার কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন। কিন্তু এরপর তাকে আটক করে জোরপূর্বক সীমান্তের অরক্ষিত ও উন্মুক্ত পথ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের একটি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। কোর্টের নথিপত্র অনুযায়ী, এই ঘটনার সঙ্গে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জড়িত ছিল। একই ধরনের হয়রানির শিকার হয়েছেন নসিরুদ্দিন শেখ নামের এক হকার। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাকে ৩২ দিন ধরে একটি কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আটক রাখা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে জানান যে, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি একজন ‘বাংলাদেশি’। পরবর্তীতে আদালতের শুনানির ঠিক আগের রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আটকদের দাবি, সেখানে বায়োমেট্রিক নিবন্ধন ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তাদের বন্দিশালায় রাখা হয়েছিল, যা যেকোনো অর্থে একটি জেলের মতোই ছিল। মানবাধিকার কর্মী কিরিতি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা আদালতে ঝুলে আছে এবং বিচার পেতে মানুষকে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। ট্রাইব্যুনালের এই ধীরগতির কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে কোনো স্থায়ী আটক কেন্দ্র নেই, তবে মুর্শিদাবাদের মতো বিভিন্ন জায়গায় সন্দেহভাজন অভিবাসীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে কড়া পাহারা ও বন্দী রাখার চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই পুরো প্রক্রিয়ার সঙ্গে অভিবাসী বহিষ্কারের একটি বড় যোগসূত্র রয়েছে। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রযটার্স।

শীর্ষ বিচারপতিদের কাছে লেখা খোলা চিঠিতে চিকিৎসার আকুতি ইমরান খানের
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তাহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির গুরুতর স্বাস্থ্যগত অবস্থার কথা তুলে ধরে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। পাশাপাশি কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পেলে তিনি ‘হয়তো জীবিত ফিরবেন না’ বলেও গভীর শঙ্কা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ও পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান তার চিঠিতে অভিযোগ করেছেন যে, কারা কর্তৃপক্ষ তাদের মৌলিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে। পিটিআই নেতৃত্ব ও তার আইনজীবীদের বরাতে জানানো হয়েছে, ইমরান খান ও বুশরা বিবি উভয়েই শারীরিক জটিলতায় ভুগছেন এবং তাদের ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার অনুমতি দেয়া হচ্ছে না। চিঠিতে ইমরান খান বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করে উল্লেখ করেছেন যে, কারাবন্দী হিসেবে সুচিকিৎসা পাওয়া তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার। চিকিৎসা অবহেলার কারণে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষ এর আগে বিভিন্ন সময়ে ইমরান খান ও বুশরা বিবির প্রতি চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারের নিয়ম অনুযায়ী তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইমরান খানের এ খোলা চিঠি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ডন অনলাইন।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তার পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের প্রধান পদে থাকতে পারেন না। এ ঘটনায় দ্রুত তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। গত রোববার (১৫ নভেম্বর) আইজেনকট এ মন্তব্য করেন। ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া এই নেতা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তার বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের আচরণ ইসরাইলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ এর আগে রোববার ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেন। এ সময় তিনি পুলিশকে এমন একজন কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরে কাজ করতেন। চ্যানেল ১২-এর তথ্যানুযায়ী, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের প্রভাবিত করতে ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পরে ওই সূত্রের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়নি বলে তাদের ছেড়ে দেয় পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। এসব দল রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই অনুরোধ নাকচ করে দেয়। এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছেন আইজেনকট। তিনি বলেন, প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তবে নেতানিয়াহুর দপ্তর চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। দপ্তরের ভাষ্য, নর্ডেন একজন নাগরিকের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশের কাছে পৌঁছে দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। পুলিশ বা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার অন্য কোনো যোগাযোগের অভিযোগও অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। অন্যদিকে আইজেনকটের বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু। গত শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকটকে আবারও আহ্বান জানান নেতানিয়াহু। তবে সেই আহ্বানকে ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেন বিরোধী নেতা। আল-জাজিরা।

পশ্চিমবঙ্গে খ্রিস্টান মিশনারি স্কুল বন্ধের হুমকি বিজেপি নেতার
পশ্চিমবঙ্গের ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায় যখন হিন্দুত্ববাদী কর্মীদের ক্রমবর্ধমান আক্রমণের মুখে রয়েছে, ঠিক সেই সময়ে ‘ভারতবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত যেকোনো খ্রিস্টান মিশনারি স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। গত রোববার (১৫ নভেম্বর) কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, রাজ্যের খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানগুলো জোরপূর্বক অন্য ধর্মের মানুষদের ধর্মান্তরিত করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, ‘তারা (খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান) স্বেচ্ছায় খ্রিস্টধর্ম প্রচার করতেই পারে, এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে হিন্দু জীবনধারার বিরুদ্ধে গিয়ে তারা যদি এটি করে, তবে স্কুল পরিচালনাকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না।’ শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, গেরুয়া শাড়ি পরার কারণে বিজেপির এক নারী কর্মীকে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, তাকে বলা হয়েছিল, ‘এই শাড়ি পরে আপনি স্কুলে আসতে পারবেন না।’ আরও বলা হয়েছিল, ‘শিক্ষার্থীদের সামনে আপনি কখনোই ভগবান কৃষ্ণের নাম উচ্চারণ করবেন না।’ এছাড়া একটি মিশনারি স্কুলের এক কর্মকর্তা নিজের টেবিলে পাকিস্তানের পতাকা রেখেছিলেন বলেও তিনি দাবি করেন। বিজেপি সভাপতির এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা (বিসিপি)। কথিত ঘটনাগুলো কোন দুটি স্কুলে ঘটেছে, শমীক ভট্টাচার্যকে সেগুলোর নাম প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ‘কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই’ পুরো একটি সম্প্রদায়কে কলঙ্কিত ও হেয়প্রতিপন্ন করার জন্য বিজেপি সভাপতির তীব্র সমালোচনা করে বিসিপি জানায়, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ না করে জনসম্মুখে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো সম্পর্কে ঢালাও মন্তব্য করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, নিন্দনীয় এবং বিপজ্জনক।’ দ্য টেলিগ্রাফ।

দাবানলের দূষণের জন্য সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
দীর্ঘ প্রায় চার মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট সীমান্তপারের বায়ুদূষণের জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। একইসঙ্গে বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৪৯তম আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে এ ক্ষমাপ্রার্থনা করেন প্রাবোও। তিনি বলেন, ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই দুই দেশের মানুষের ভোগান্তির জন্য ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রাবোও জানান, দাবানলের ঘটনায় ইতোমধ্যে ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আরও ২৩টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন নেভানোর কাজে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুটি হেলিকপ্টারও হারিয়েছে ইন্দোনেশিয়া। ভবিষ্যতে এ ধরনের আগুন প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠন এবং বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার মাস ধরে চলা আগুনের ধোঁয়ায় প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় বায়ুদূষণ দেখা দেয়। ২০০২ সালে আসিয়ান সদস্য দেশগুলো আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় ‘আসিয়ান ট্রান্সবাউন্ডারি হেজ দূষণ চুক্তি’তে সই করে। চুক্তিতে এ ধরনের দূষণ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার থাকলেও এর বাস্তবায়ন দীর্ঘদিন ধরেই ধীরগতিতে চলছে। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিচারিক সংস্থার ব্যবস্থাও নেই। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত এবং দাবানলের হটস্পটের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে আন্তসীমান্ত ধোঁয়াজনিত দূষণের পরিস্থিতিও কমে এসেছে বলে জানিয়েছে আসিয়ানের আবহাওয়াবিষয়ক কেন্দ্র। আল-জাজিরা, রয়টার্স।

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প ও প্রযুক্তিতে চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহ ব্যবস্থাকে বেইজিংয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি বিশেষ উদ্যোগে যোগ দিয়েছে দিল্লি। ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটি’ নামে এই চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইসরাইল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনও এই চুক্তিতে যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে। উন্নত এআই চিপের ওপর চীনের নিয়ন্ত্রণ বা সেগুলো পাওয়ার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক এআই চিপ নিয়ে চিন্তিত ওয়াশিংটন। ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন, যাদের বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বেআইনিভাবে চীনে পাচার করার সন্দেহ রয়েছে। সিলিকন ভ্যালির সরবরাহ শৃঙ্খল সমৃদ্ধশালী ও নিরাপদ রাখতে এবং এর উদ্ভাবনী শক্তি দৃঢ় করতে এই জোটের সূত্রপাত। আর সেই জোটের অংশীদার হওয়া ভারতের প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ভারতীয় প্রযুক্তি বিশেষজ্ঞেরা। এই চুক্তিতে যোগ দেওয়ার ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে ভারতের অবস্থান আরো মজবুত হতে পারে বলে আশা করছেন তারা। আনন্দবাজার অনলাইন।

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— এমন অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সদস্য আহমাদ তিবি। এ অভিযোগের পক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কিছু ব্যক্তিগত বার্তাও প্রকাশ করেছেন তিনি। গত ১৩ নভেম্বর শুক্রবার ইসরাইলের চ্যানেল ১২-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর ঘনিষ্ঠজনরা আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন তিনি। তিবির ভাষ্য অনুযায়ী, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মুঠোফোনে থাকা কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিবি। তবে সম্প্রচারিত ছবিতে বার্তাগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি। তিবি বলেন, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করলেও নেতানিয়াহুর দল লিকুদ রাজনৈতিক স্বার্থে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে। তার মতে, এ ঘটনা নেতানিয়াহুর প্রকাশ্য অবস্থান ও আড়ালের রাজনৈতিক তৎপরতার মধ্যে দ্বিচারিতা তুলে ধরে।
ব্যক্তিগত কথোপকথন সাধারণত প্রকাশ্যে আনেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি এসব তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’ তিবি আরো দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন বলে জানান তিবি। তার ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’ তবে তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। লিকুদের ভাষ্য, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে দলটি কোনো ধরনের সহযোগিতা করে না। টাইমস অব ইসরাইল।

মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের সুরক্ষায় ‘সেফটি ব্রেসলেট’ সেবা চালু
পবিত্র মসজিদুল হারামে আসা শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেন সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সহজেই তাদের শনাক্ত ও খুঁজে বের করা যায়, সে লক্ষ্যে ‘সেফটি ব্রেসলেট’ বা নিরাপত্তা ব্রেসলেট সেবা চালু করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। মসজিদুল হারাম এবং এর চত্বরে অবস্থানকালে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গত রোববার (১৫ নভেম্বর) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, অতিথি সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতাদের হাতে এমন একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যাতে তাদের পরিচয়সংবলিত প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে কেউ হারিয়ে গেলে মাঠে নিয়োজিত কর্মীরা সহজেই তাকে শনাক্ত করতে এবং প্রয়োজনে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন। মসজিদুল হারামে আগত সকল দর্শনার্থীর নিরাপত্তা ও মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ। এর মাধ্যমে পবিত্র মসজিদে একটি নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যা দর্শনার্থীদের সফরকে আরও সহজ করবে এবং তাদের মানসিক প্রশান্তির সাথে ইবাদত করার সুযোগ করে দেবে। আরব নিউজ।

 

পাকিস্তান তাবলিগ জামাতের আমীর মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
পাকিস্তানের তবলিগ জামাতের আমীর ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজী নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। গত সোমবার (১৬ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমীরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমীর হজরত মাওলানা হাজী আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দীনের দাওয়াত ও তবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি পাকিস্তানে তবলিগ জামাতের শুরুর দিকের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘসময় তিনি দাওয়াত ও তবলিগের কাজে ব্যয় করেছেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। এদিকে মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। এছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডন।

কঙ্গোয় ছয় মাসেও নিয়ন্ত্রণে আসেনি ইবোলা সংক্রমণ
কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব শুরুর ছয় মাস পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্যকর্মীদের ওপর প্রাণঘাতী হামলা, মাসের পর মাস বেতন বকেয়া থাকা এবং অর্থ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) মহাপরিচালক জ্যঁ কাসেয়া। তিনি বলেন, ইবোলার প্রাদুর্ভাব এখনো গুরুতর অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কঙ্গো সরকারের তথ্যানুযায়ী, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে ১১ হাজার ২০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৫০০ জনের বেশি মারা গেছেন। জ্যঁ কাসেয়া জানান, নতুন শনাক্ত হওয়া রোগীদের ৮০ শতাংশের বেশি আগে থেকে চিহ্নিত সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষের তালিকায় ছিলেন না। এছাড়া ইবোলায় মৃত্যুর ৬৫ শতাংশের বেশি ঘটেছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। তিনি বলেন, রোগের শেষ পর্যায়ে ইবোলা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামক হয়ে ওঠে। তাই সংক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এবারের প্রাদুর্ভাবের কারণ বিরল ‘বান্দিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারিতে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। চিকিৎসা সহায়তাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের’ জানিয়েছে, বিপুল পরিমাণ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও ইবোলায় আক্রান্ত সংকটপূর্ণ এলাকাগুলোয় প্রয়োজনীয় সাহায্য পৌঁছাচ্ছে না। সংস্থাটির মতে, প্রশিক্ষিত কর্মীর অভাব, জ্বালানি না থাকায় অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকা এবং রোগী শনাক্তে নজরদারি দলের ঘাটতি পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। জ্যঁ কাসেয়া বলেন, কঙ্গো সরকার ও দাতাদের মধ্যে সমন্বয়ের অভাবও সংকট মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইবোলা মোকাবিলায় সব মিলিয়ে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুত অর্থের মধ্যে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দ্রুত ছাড় করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, এ সংকটের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি, সরকার বা অংশীদারকে দায়ী করা হচ্ছে না। এটি সবার সম্মিলিত ব্যর্থতা। অর্থের অপচয় ও একই কাজে বারবার ব্যয় এড়াতে কঙ্গো সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান তিনি। কাসেয়া আরও জানান, অনেক স্বাস্থ্যকর্মী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। তবে বেতন দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে কঙ্গো সরকার। রয়টার্স।

গির্জায় প্রাণঘাতী হামলার দায়ে জর্ডানে তিনজনকে ফাঁসির দণ্ড
জর্ডানে একটি গির্জায় ভয়াবহ ও প্রাণঘাতী সশস্ত্র হামলার দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কঠোর আইনের আওতায় পরিচালিত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৬ নভেম্বর সোমবার এ ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। আদালত সূত্র জানায়, জর্ডানের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা এবং উপাসনালয়ে নিরীহ নাগরিকদের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালিয়ে হত্যার অভিযোগে ওই তিন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক পর্যবেক্ষণে বলেন, শান্তিপূর্ণ উপাসনালয়ে এ ধরনের নৃশংস ও বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড দেশটির জাতীয় স্থিতিশীলতা এবং ধর্মীয় সহাবস্থানের জন্য চরম হুমকি; তাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বিচার বিভাগের তথ্যানুযায়ী, রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পাশাপাশি এ হামলার ষড়যন্ত্র ও সহায়তার সঙ্গে জড়িত থাকার দায়ে আরো কয়েকজন সহযোগীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে জর্ডানের প্রচলিত আইনি বিধান অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে এ রায় উচ্চতর আপিল আদালত এবং সর্বশেষ বাদশাহর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মাঝেও জর্ডান দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গির্জায় হামলার ঘটনায় আদালতের এ কঠোর মৃত্যুদণ্ডের রায় দেশটিতে যেকোনো ধরনের চরমপন্থা ও সাম্প্রদায়িক সহিংসতা দমনে জর্ডান সরকারের অনমনীয় অবস্থানেরই স্পষ্ট বার্তা দেয়। আল-জাজিরা।

ইসরাইলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় হামাসের সামরিক শাখার রাফাহ ব্রিগেড কমান্ডার সামির মাহমুদ আবু ইউনুস নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। গত রোববার (১৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছিল, ওই হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তারা তার পরিচয় প্রকাশ করেনি। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সামির আবু ইউনুস হামাসের সাধারণ সামরিক পরিষদের সদস্য ছিলেন। এর আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার গত ১৫ নভেম্বর খান ইউনুসে ইসরাইলি হামলায় নিহত হন। পরে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস। এর আগে গত নভেম্বর বৃহস্পতিবার গাজার নাসের মেডিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে অবস্থানরত অন্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়। তবে ওই হামলায় একজন চিকিৎসক ও ১৩ বছর বয়সী এক শিশুসহ ছয়জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু আবু ইসমাইলের পরিণতি তখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার দায় আড়াল করার চেষ্টা। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল ও চিকিৎসাকর্মীরা সুরক্ষিত; তবে সামরিক কাজে ব্যবহারের ক্ষেত্রে হাসপাতালের বিশেষ সুরক্ষার বিষয়টি জটিল হতে পারে। এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত এক হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজার ৯৬৪ জন। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ হতাহত ১১
অধিকৃত পশ্চিমতীরের জেরিকো শহরের আল-দিউক এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ করে গুলি চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে হামলায় এক তরুণের ঊরুতে এবং এক নারীর মাথায় গুলি লাগার খবর পাওয়া যায়। পরে তাদের দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। জেরিকো সরকারি হাসপাতাল জানিয়েছে, বসতি স্থাপনকারীদের গুলিতে ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন বয়স্ক পুরুষও রয়েছেন। আল-জাজিরা।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান