ইসলামী ব্যাংক দখলের অপতৎপরতায় সরকার
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪০
সহযোগী হচ্ছে বাংলাদেশ ব্যাংক
॥ উসমান ফারুক ॥
দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক অদ্ভুত ও উদ্বেগজনক পরিস্থিতির নাম এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্পদ, আমানত, শাখা, গ্রাহক ও ব্যবসার আকার বিবেচনায় একসময় দেশের সবচেয়ে শক্তিশালী বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি আজ নিজের পরিচালনা ও ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় পড়েছে। ব্যাংকটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কারা এর নীতিনির্ধারণ করবে, কারা আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে— তার দায়িত্ব নিচ্ছে না কেউ। ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে এক অদৃশ্য ঠেলাঠেলি শুরু হয়েছে। একসময়ের সবচেয়ে শক্তিশালী ব্যাংকটি এখন সবচেয়ে দুর্বল ব্যাংকে পরিণত হয়ে গেছে। গত প্রায় ছয় মাস ধরে কোনো ধরনের কর্তৃপক্ষ ছাড়াই চলছে ব্যাংকটি। এখন নতুন করে বিতারিত এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। একসময়ের সবচেয়ে ভালো এ ব্যাংকটি এখন দখলে নিতে চাচ্ছে সরকার। মাত্র ছয় হাজার কোটি টাকার মূলধন দিয়ে এক লাখ কোটি টাকার বড় ব্যাংকটি দখল করার পরিকল্পনা করছে। তাতে সহযোগিতা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। এজন্য ছয় মাস ধরে এক ব্যক্তি দিয়ে চালানো হচ্ছে ব্যাংকটি। শেয়ারধারকদের কাছে মালিকানা বুঝিয়ে না দিয়ে প্রথম ধাপে আমলাদের হাতে তুলে দিতে চাইছে। এর নেপথ্যে কাজ করছে এস আলম গ্রুপ। আর সরকারের কয়েকজন মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের একশ্রেণির কর্মকর্তারা সেই কাজে সহযোগিতা করছেন।
বিশ্লেষকরা বলছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এস আলম গ্রুপের শেয়ার বাজেয়াপ্ত করে বাজারে বিক্রি করা হচ্ছে না। এই শেয়ার বিক্রি করে দিলে ব্যাংকটির খেলাপি ঋণের বড় অংশই আদায় হয়ে যাবে। তাতে ব্যাংকটির মালিকানাও অভিজ্ঞ ব্যক্তিদের কাছে চলে যাবে। সেটি না করে দেশের সবচেয়ে বড় ব্যাংকটিকে এখন সবচেয়ে খারাপ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির বিষয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো— পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক কতদিন পর্যন্ত স্বাভাবিক পরিচালনা পর্ষদ ছাড়া চলতে পারে? প্রশাসক দিয়ে পরিচালনা করে সংকট উত্তরণের কথা ছিল। কিন্তু তা না করে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামো নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার সূচনার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকও। এই সংকট শুধু ইসলামী ব্যাংকের নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ব্যাংক কোম্পানি আইন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, আমানতকারীদের অধিকার, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার প্রশ্ন।
পরিচালনা পর্ষদ নেই, প্রশাসকই সর্বেসর্বা
গত ১৪ জুন ইসলামী ব্যাংকের পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে তিনি একাই পর্ষদ চালিয়ে আসছেন। একাই সিদ্ধান্ত নিচ্ছেন পরিচালক পর্ষদের সকল বিষয়ে। অনেকটা স্বৈরাচার স্টাইলে চালাচ্ছেন ব্যাংকটি। নিজের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে শুরু করেছেন। কর্মকর্তা পছন্দ না হলে তাকে বদলি করে দিচ্ছেন। অথচ ব্যবস্থাপনায় তার হস্তক্ষেপ করার কথা না। তিনি শুধু নীতিনির্ধারণী সিদ্ধান্ত দেওয়ার কথা।
তালিকাভুক্ত কোম্পানি, কিন্তু শেয়ারধারকদের উপেক্ষা করছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ ব্যাংকটির মালিকানা শুধু কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সরকারের নয়। এর শেয়ারহোল্ডারদের মধ্যে সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। কোম্পানির আইন ও পুঁজিবাজারের বিধিবিধান অনুযায়ী পরিচালনা পর্ষদ, বার্ষিক সাধারণ সভা, নিরীক্ষা, আর্থিক প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের অধিকার নিয়ে সবকিছুরই একটি নির্দিষ্ট কাঠামো আছে।
শেয়ারহোল্ডারদের অধিকার ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ দুটির মধ্যে একটি ভারসাম্য থাকার কথা। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এখন এই দুইয়ের মধ্যে ভারসাম্য নেই। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করার মতো কোনো স্বাভাবিক পর্ষদ নেই। প্রশাসকই পর্ষদের ক্ষমতা প্রয়োগ করছেন। ফলে বিনিয়োগকারীদের প্রশ্ন— তারা কবে তাদের আইনগত ও প্রাতিষ্ঠানিক অধিকার অনুযায়ী ব্যাংকের পরিচালনা কাঠামোয় অংশগ্রহণের সুযোগ পাবেন। ব্যাংকটির ৮২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ এখনো এস আলম গ্রুপের কাছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এসব শেয়ার বাজেয়াপ্ত করার কথা। কিন্তু সেটি করা হচ্ছে না। অবশিষ্ট শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। তাতে এককভাবে কারো কাছে দুই শতাংশ শেয়ার নেই।
এমন জটিল অবস্থার মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনির্দিষ্টকাল অনুপস্থিত রয়েছে। আদালতের আদেশ, শেয়ার মালিকানা, বার্ষিক সভায় ভোটাধিকার ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বিষয়গুলো সমন্বয় করে একটি স্বচ্ছ সমাধান বের করা নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন সেই দায়িত্বটি পালন করছে না। আগের ফ্যাসিস্ট সরকারের সময়ের মতো পুরো সিদ্ধান্তটি সরকারের হাতে তুলে দিয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে সব খানে।
কেন নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হচ্ছে না
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল রাজনৈতিক দলটির ব্যবসায়ী ও একটি গোষ্ঠীর কাছে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই মালিকানা ও ঋণ বিতরণের কাঠামো নিয়ে বিতর্ক বাড়ে। দেড় লাখ কোটি টাকা লোপাট করা হয় ঋণের নামে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের পতনের পর গ্রুপটির নিয়ন্ত্রণ দুর্বল হয়। পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আসে। কিন্তু আগের মালিকানা ও ঋণ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
আগের প্রভাবশালী শেয়ারধারীদের শেয়ার আদালতের আদেশে জব্দ হয়নি এখনো। শুধু অস্থায়ীভাবে অবরুদ্ধ করা আছে। অন্যদিকে নতুন করে কারা ব্যাংকটির মালিকানা ও পরিচালনায় ভূমিকা রাখবেন, সেটিও চূড়ান্ত করছে না বাংলাদেশ ব্যাংক। সরকারও ভূমিকা রাখছে না। এই দুর্বলতার সুযোগে ফের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে এস আলম গ্রুপ। অর্থ মন্ত্রণালয়ের আমলাদের সঙ্গে আঁতাত করে ব্যাংকটির মালিক হতে হচ্ছে। সরকারি মালিকানা প্রতিষ্ঠা হলে ইসলামী ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের কাছেই চলে যাবে।
যে পরিকল্পনা করা হচ্ছে
সরকার অথবা সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ছয় হাজার কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যু করে এই অর্থ সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা হবে। ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধনের তুলনায় নতুন শেয়ারের সংখ্যা অনেক বেশি হবে।
ফলে সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো যদি পুরো ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করে, তাহলে বিশেষভাবে ইস্যু করা নতুন শেয়ার কিনে নিলে ব্যাংকটির প্রায় ৭৯ শতাংশ মালিকানা চলে যাবে রাষ্ট্রের কাছে। অর্থাৎ দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে।
কিন্তু এই প্রস্তাবের মধ্যেই একটি বড় নীতিগত প্রশ্ন রয়েছে। একটি বেসরকারি তালিকাভুক্ত ব্যাংককে বাঁচাতে রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তাকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে যাওয়া কতটা যুক্তিসংগত। বেসরকারি ব্যাংকটি ব্যক্তি পর্যায়ে ছেড়ে দেওয়ার বদলে আদতে এস আলমকে ফের আনতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক শ্রেণির কর্মকর্তারা।
এ প্রস্তাবের বিরোধিতা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সরকারি মালিকানা ব্যাংকটির সমস্যার সমাধান নয়। সরকারি ব্যাংকগুলোর অদক্ষতা ও দুর্বল ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিবেচনায় এটি নতুন ঝুঁকি তৈরি করবে। বিদেশি বিনিয়োগকারী, আগের বিদেশি শেয়ারধারী ও দেশীয় বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের তো সুযোগ রয়েছে। সরকারকে সেই দিকে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাজ হবে এতে সমস্বয় করা।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ফাহমিদা খাতুন বলেছেন, প্রস্তাবটি বিবেচনার আগে ব্যাংকের মূলধন ও সম্পদের গুণগতমান যথাযথভাবে মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি বিনিয়োগের বিপক্ষে যুক্তি আছে, আবার পক্ষে যুক্তিও রয়েছে। একটি ব্যাংক যখন বিপর্যস্ত অবস্থায় থাকে এবং বাজার থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের সক্ষমতা হারায়, তখন রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় অর্থ দিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়া হলে সেই অর্থের বিনিময়ে সরকার কী পাবে, কীভাবে ব্যাংক পরিচালনা করবে এবং কত দিনের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করবে এসব প্রশ্নের উত্তর আগে থাকা দরকার।
তিনি বলেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো— সরকার যদি ৭৯ শতাংশ শেয়ারের মালিক হয়, তাহলে ব্যাংকটির বেসরকারি চরিত্র কার্যত আর থাকবে কি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না। ব্যাংকটি করা চালাবে সেই প্রশ্নও সামনে আসে। মন্ত্রণালয় সরকারি ব্যাংকই চালাতে পারছে না। সেখানে বেসরকারি ব্যাংক কীভাবে চালাবে।
গত সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের মোট ঋণ ও বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। অর্থাৎ মোট ঋণের অর্ধেকেরও বেশি খেলাপি। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।
আরও উদ্বেগের বিষয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটি করপরবর্তী ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার ব্যাপক অবনতি ঘটেছে। এই অবস্থায় ছয় হাজার কোটি টাকা নতুন মূলধন ব্যাংকটির জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ মূলধন ঘাটতি পূরণ আর খেলাপি ঋণ আদায় এক বিষয় নয়। নতুন অর্থ দিয়ে মূলধনের একটি অংশ পূরণ করা সম্ভব হলেও বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ, দুর্বল সম্পদ এবং প্রভিশন ঘাটতির সমাধান হবে না। সেখানে মাত্র ছয় হাজার কোটি টাকা দিয়ে কীভাবে সংকটের সমাধান হবে সেই প্রশ্নটিও তুলেছেন ফাহমিদা হক।
ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু সরকারের স্বার্থ বিবেচনা করলেই চলবে না। সাধারণ বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থও বিবেচনায় নিতে হবে।
সমাধানের পথ কোথায়
কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের মধ্যে শুরু হয়েছে এক নীরব ও চরম দায়িত্বজ্ঞানহীন ত্রিমুখী ঠেলাঠেলি। ব্যাংকটিকে একদিকে যেমন নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডারদের প্রতিনিধি দিয়ে চালানো হচ্ছে না; অন্যদিকে প্রশাসক দিয়ে চালিয়েও সঠিক নীতিগত সমাধান দেওয়া হচ্ছে না। ফলে কোটি কোটি সাধারণ আমানতকারী, পুঁজিবাজারের বিনিয়োগকারী এবং দেশের সমগ্র আর্থিক খাত এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
দেশের সবচেয়ে বড় ব্যাংকটির সবচেয়ে বড় অসহায় ব্যাংকে পরিণত হওয়া শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার জন্য একটি প্রাতিষ্ঠানিক সতর্কবার্তা। ইসলামী ব্যাংককে কোনো রাজনৈতিক দলের, ব্যবসায়ী গোষ্ঠীর কিংবা সরকারের নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। এটি একটি জনআস্থাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। এর প্রকৃত শক্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নয়, বরং আমানতকারী, বিনিয়োগকারী এবং দেশের অর্থনীতির সঙ্গে এর সম্পর্কের মধ্যে।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে তিনটি পক্ষের দায়িত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আদালত, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে একটি সময়বদ্ধ রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। এ দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সরকার ও অর্থ মন্ত্রণালয়ের। ইসলামী ব্যাংককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে শুধু প্রশাসক নিয়োগ, পরিচালনা পর্ষদ পরিবর্তন কিংবা নতুন মূলধন সরবরাহ যথেষ্ট নয়। প্রয়োজন একটি সমন্বিত সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনায় কয়েকটি বিষয় অগ্রাধিকার পাওয়া উচিত। এর মধ্যে রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালনা পর্ষদ গঠন, বাংলাদেশ ব্যাংককে নতুন পর্ষদ গঠনের একটি সময়সীমা ঘোষণা করতে হবে। যোগ্যতা, অভিজ্ঞতা, স্বার্থের সংঘাত না থাকে এবং রাজনৈতিক নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালক নির্বাচন করতে হবে।
ব্যাংকার, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আদালতের নির্দেশনায় অবরুদ্ধ থাকা শেয়ারের ভোটাধিকার কীভাবে বিবেচিত হবে, সেটিও আইনি প্রক্রিয়ায় পরিষ্কার করতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সংকটের পরও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে। ব্যাংকটির পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একটি পেশাদার ও দক্ষ ব্যবস্থাপনা দল গঠন করতে হবে। তা না হলে দেশের সবচেয়ে বড় ব্যাংকটির এই অসহায়ত্ব একদিন পুরো বাংলাদেশের অর্থনীতিকেই এক অপূরণীয় সংকটের মুখে ঠেলে দেবে।