সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনায় সাথী আক্তারকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
২৮ অক্টোবর ২০২৬ ১০:১২
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি।
গত ২৭ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৬ অক্টোবর সোমবার দুপুরে সাথী আক্তারকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকাল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে যেমন নির্বাচিত করে, তেমনি তার প্রত্যাশা অনুযায়ী জনপ্রতিনিধি ভূমিকা রাখতে না পারলে তার সমালোচনাও করে। আটক সাথী আক্তারের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু এর ফলশ্রুতিতে সরকারদলীয় নেতাকর্মীদের দিয়ে ‘মব’ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা না দিয়ে উল্টো গ্রেফতার করার ঘটনা নিন্দনীয়।
আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ করেছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সে ব্যাপ্যারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা রাখতে দেখছি না। বরং আমরা দেখছি ভিন্নমত প্রকাশ করায় একজন নারীকে রাষ্ট্রের রোষানলের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। সরকার বিরোধী মতকে দমাতে চাচ্ছে, যা চব্বিশ পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত।
আমরা অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। সেইসাথে এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সাথে নিয়ে তা রুখে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি