হে রাষ্ট্র!
১৫ অক্টোবর ২০২৬ ১২:১২
হে রাষ্ট্র!
তুমি কি রাষ্ট্র আছো? নাকি কোনো চোরাবালির ভেতর লুকিয়ে পড়েছ?
নাকি কোনো চোরাই পকেটে ঢুকে পড়েছ?
যেখানে জনগণের জানমালের নিরাপত্তা নেই
যেখানে শিশু হত্যা একটি শিল্পে পরিণত হয়েছে
যেখানে গুম খুন ধর্ষণ চাঁদাবাজি দখলদারিত্ব
একটি পণ্যে পরিণত হয়েছে,
হে রাষ্ট্র! সেখানে তুমি নির্বিঘ্নে কীভাবে ঘুমাও!
হে রাষ্ট্র!
তোমাকে দেখার মতো তোমার চারপাশে কেউ কি নেই?
নাকি সকল চক্ষুষ্মানই আজ অন্ধ, বধির?
হে রাষ্ট্র!
সুবোধ সুনীতি যেখান থেকে পালিয়ে গেছে
মানুষ ও মানবতা যেখানে ধুলায় ধূসরিত
যেখানে দৃশ্যমান হন্তারকের উল্লম্ফন—-
সেখানে তোমার অসহায়ত্ব,
হে রাষ্ট্র! এটা বড় বেশি নির্লজ্জ, নিষ্ঠুরতা।
আফ্রিকার আদিম যুগকে ফিরিয়ে আনার জন্য
কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই।
হে রাষ্ট্র!
তুমি নষ্ট হলে আঠারো কোটি মানুষ
কখনো ভালো থাকতে পারে না।
হে রাষ্ট্র!
তুমি কি শুনতে পাও শিশুহারা মায়ের আর্তনাদ!
তুমি কি শুনতে পাও পিতা-মাতা হারা শিশুর ক্রন্দন!
তুমি কি শুনতে পাও ধর্ষিতা মা-বোনের গগনবিদারী চিৎকার!
কত পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে, তুমি কি তার খবর রাখো?
এত নির্লজ্জতা, এত শঠতা, এত আত্মপ্রবঞ্চনা নিয়ে তুমি কীভাবে ঘুমাও হে রাষ্ট্র?
কীভাবে ঘুমাও আয়েশি শরীরে রক্তের দাগ নিয়ে লাশের ওপর?
হে রাষ্ট্র!
তুমি ভালো থাকলেও ভালো নেই
নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষ।
হে রাষ্ট্র!
তোমার কি মেরুদণ্ড আছে…!
১৯.৯.২০২৬