জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬
রংপুর সংবাদদাতা : জ্বালানি তেলের দাম আকস্মিক অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।
বিক্ষোভ মিছিলটি নগরীর জুলাই চত্বর, টাউন হল চত্বর, পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে এই বিশাল বিক্ষোভ গণমিছিল শেষ হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এবং জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট কাওছার আলী, মহানগর জামায়াতের তালিম উল কুরআন বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানা আমীর অধ্যাপক আবু সাজিদ এ সময় উপস্থিত ছিলেন।